ট্যাংকলরি শ্রমিক ধর্মঘট চলছে, মিছিল-সমাবেশ
চারজন শ্রমিক নেতার মুক্তি ও ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিলেটসহ সারা দেশে ট্যাংকলরি শ্রমিক ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন গতকাল বুধবার সিলেটের কোনো পাম্পে তেল সরবরাহ করা হয়নি। সিলেটের অধিকাংশ পাম্প তেলশূন্য ছিল। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা, যমুনা ও পদ্মা ডিপো থেকে বৃহত্তম ময়মনসিংহ, সিলেট, গাজীপুর ও নরসিংদীসহ ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জে ডিপোগুলো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। গত রোববার রাতে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেনসহ চার নেতাকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা। চার নেতার মুক্তির দাবিতে গত মঙ্গলবার সিলেটে সংবাদ সমেঞ্চলন করে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের প্রথম দিন শ্রমিকেরা সিলেটে বিক্ষোভ সমাবেশ করে তাঁদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করেন। বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহনের সহসভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন নেতা সজীব আলী, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চেরাগ আলী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, দক্ষিণ সুরমা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন। ভৈরব জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দিনব্যাপী ধর্মঘটের কারণে তেল সরবরাহ করা যায়নি। এতে করে সংশ্লিষ্ট জেলাগুলো থেকে ভোগান্তির খবর আসে। গতকাল ভোর ছয়টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জর সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা এবং ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত যমুনা ও মেঘনা এ পাঁচটি ডিপো থেকে কোনো জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ করেননি ট্যাংকলরি শ্রমিকেরা। এতে দেশের বিভিন্ন পেট্রল পাম্প ও বিমানের জন্য জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের ডিপোগুলো থেকে রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সামরিক ও বেসামরিক স্থাপনায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে গোদনাইল পদ্মা ডিপো অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী নোমান আহমেঞ্চদ জানান, ধর্মঘটের কথা জানতে পেরে আগেই বিমানের জন্য অতিরিক্ত দুই দিনের জ্বালানি সরবরাহ করা হয়েছে। তার পরও বিকল্প উপায়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। সরেজমিনে দেখা গেছে, গোদনাইলে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোগুলোর সামনে এবং সড়কের পাশে সারিবদ্ধভাবে ট্যাংকলরি রাখা হয়েছে। ডিপো থেকে কোনো জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে না। অন্যদিকে ফতুল্লার পঞ্চবটী যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে কোনো জ্বালানি তেল উত্তোলন করা হয়নি।