নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডিবি পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবি এবং হয়রানি করার অভিযোগ এনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ট্যাংকলরি শ্রমিকেরা।
সড়ক অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফতুল্লায় অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরির চালক সেলিম মিয়া ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ফতুল্লার শৈলকুড়া এলাকায় যানটি রেখে একটি দোকানে নাশতা খেতে যান সেলিম। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাফিজ এবং এএসআই আশা শওকত সেখানে গিয়ে ট্যাংকলরিটি আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেলিম তাঁদের বাধা দেন। একপর্যায়ে পুলিশ সেলিমকে চোরাইভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগ এনে তাঁকে মারধর করে এবং এক লাখ টাকা দাবি করেন। এরপর ট্যাংকলরিটি নিয়ে ডিবি পুলিশের সদস্যরা ডিবি কার্যালয়ের দিকে রওনা হন। এ খবর পেয়ে যমুনা ডিপোর ট্যাংকলরি শ্রমিকেরা বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এলোপাতাড়ি ট্যাংকলরি ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন।