ট্যাংকলরির চাপায় বাবা নিহত, মেয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে জ্বালানিবাহী ট্যাংকলরির চাপায় আরশাদুজ্জামান (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মেয়ে জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরশাদুজ্জামান যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাসিন্দা। তিনি যশোর কোতোয়ালি থানার পাশে রাইডার হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে জান্নাতুল যশোর বিমানবন্দর বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েকে স্কুলের বাসে তুলে দিতে সকালে মোটরসাইকেলে করে পালবাড়ি মোড়ে যাচ্ছিলেন আরশাদুজ্জামান। পথে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া-খুলনা সড়কের পালবাড়ি মোড়সংলগ্ন এলাকায় তিনি রাস্তার পাশে বিশ্রাম নেন। এ সময় যমুনা কোম্পানির জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আরশাদুজ্জামান মারা যান। মেয়ে জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খুলনা-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি পিকআপসহ ছোটখাটো কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুপুরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, জান্নাতুলের শরীরে স্যালাইন দেওয়া আছে। বন্ধুরা তাকে ঘিরে রেখেছে। তখনো জান্নাতুল জানে না, তার বাবা আর বেঁচে নেই।

জান্নাতুল জানায়, ‘আব্বুর গায়ে জ্বর ছিল। প্রতিদিনের মতো আজও তিনি আমাকে স্কুলের গাড়িতে তুলে দিতে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। বমি বমি অনুভূত হলে তিনি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে কাঠের গুঁড়ির ওপর বসে ছিলেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম। তারপর কী হয়েছে, আমি জানি না। আব্বুকে জিজ্ঞাসা করলে তিনি আরও ভালো বলতে পারবেন।’

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যমুনা গ্রুপের জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের শরীরের ওপরে তুলে দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গাড়িটি পুলিশের হেফাজতে আছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।