ট্যাংকলরির চাপায় শিক্ষক নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় ট্যাংকলরির চাপায় নজরুল ইসলাম ওরফে সাইফুল (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বোয়ালমারী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
এ ছাড়া ওই দুর্ঘটনায় আরও চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঁথিয়া-বেড়া সড়কের পাশে করমজা এলাকায় একটি বাড়িতে শিক্ষক নজরুল ইসলাম প্রাইভেট পড়াচ্ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সাঁথিয়া থেকে বেড়াগামী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ওই বাড়িতে ঢুকে পড়ে। এতে ট্যাংকলরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষক মারা যান। আহত হয় কুলসুম, রোজিনা, আলিম ও মামুন নামের চার শিক্ষার্থী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ট্যাংকলরিটি জব্দ করে থানায় নেওয়ার চেষ্টা চলছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।’