ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩০ টি তেলশূণ্য ট্যাংকারসহ আই কে ৩৪ ডাউন ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি স্টেশন পার হয়ে সেনেরহুদা নামক স্থানে পৌঁছে। একই পথের সাগরদাঁড়ি ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য সেটি লুপলাইনে দাঁড়ায়। এরপর ট্রেনটি মূল লাইনে ওঠার সময় চালকের পরিচালকের কক্ষ ও দুইটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। এরপর চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলাচলকারি খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-গোয়ালন্দ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কার্যকরী স্টেশন মাস্টার আনোয়ার সাদাতের বক্তব্য অনুযায়ী রাত ১০টা নাগাদ উদ্ধারকারি ট্রেনের ঘটনাস্থলে যাওয়ার কথা।