সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় সরকারের উদাসীনতাকে দায়ী করেছে বিএনপির তদন্ত দল। দলটির সদস্যদের ধারণা, এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাঁরা মনে করেন, এটি মানবসৃষ্ট দুর্যোগ। দেশে সুশাসন না থাকলে এ ধরনের দুর্যোগ হয়। বর্তমান দুঃশাসনের অবসান না হলে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও ঘটতে পারে।
সুন্দরবন ঘুরে এসে গতকাল শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত দলের প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন। বিএনপির পাঁচ সদস্যের তদন্ত দল ২২ ডিসেম্বর শ্যালা নদীসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তদন্ত প্রতিবেদন তুলে ধরতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ট্যাংকারডুবির ৪৮ ঘণ্টা পরও সরকার কোনো উদ্ধার কার্যক্রম এবং জরুরিভিত্তিতে তেল অপসারণের কোনো উদ্যোগ নেয়নি। এতে সুন্দরবনের ওপর মহাবিপর্যয় নেমে আসে। ঘটনার তিন দিন পর নৌমন্ত্রী শাজাহান খান তেল নিঃসরণে সুন্দরবনের তেমন ক্ষতি হবে না বলে দাবি করেন। আর ঘটনার ছয় দিন পর প্রধানমন্ত্রী সুন্দরবনের তেলের দূষণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হাফিজ উদ্দিন বলেন, ডুবে যাওয়া ‘ওটি সাউদার্ন স্টার-৭’-এর কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না। এটি অবৈধ রুটে বেআইনিভাবে তেল পরিবহন করছিল। সাউদার্ন স্টার ছিল বালু ও পাথরবাহী কার্গো। এর মালিক সরকারের একজন মন্ত্রীর শ্যালক। তিনি বলেন, তদন্তকালে সুন্দরবন এলাকায় তাঁরা কোনো প্রাণের স্পন্দন পাননি। সেখানে থাকা ইরাবতী ডলফিন দেখা যায়নি। শ্বাসমূলীয় বন ফার্নেস অয়েলে কালো হয়ে গেছে। তেলের সংস্পর্শে সেখানকার পাখিরাও প্রজননক্ষমতা হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিএনপির তদন্ত দল ছয়টি সুপারিশ করেছে। তাতে দলটি বলেছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, জাহাজভাঙাশিল্প বা কোনো লাল শ্রেণির শিল্প স্থাপন না করা, শ্যালা নদী ও সুন্দরবনের মাঝ দিয়ে সব ধরনের নৌচলাচল স্থায়ীভাবে বন্ধ করতে হবে। অবিলম্বে ঘষিয়াখালী-মংলা চ্যানেল চালু করতে হবে। ট্যাংকারডুবির জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে ও ক্ষতিপূরণ আদায় এবং সুন্দরবন-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণ ও সেখানকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একটি স্বয়ংসম্পূর্ণ কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, সুন্দরবনে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি পশ্চিমবঙ্গে হতে পারত। কিন্তু ভারত সেখানে না করে বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে। সেখানে বিদ্যুৎকেন্দ্র হলে বাংলাদেশ নিজেই জলবায়ু দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হবে। এতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গ্রিন ফান্ডের জন্য আবেদন করার যোগ্যতা হারাবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তদন্ত দলের সদস্য নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।