ট্যাংকারে ক্যাপ্টেনের মৃতদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে হংকংয়ের পতাকাবাহী একটি ট্যাংকারের ক্যাপ্টেন মারা গেছেন। গতকাল সোমবার ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই মৃত্যুর খবর জানায়।
‘এমটি টাইগার স্প্রিং’ নামের ট্যাংকারটির মাস্টার ক্যাপ্টেন সং জেং কিয়ান (৫২)। তিনি চীনের নাগরিক।
চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি চিঠি দিয়ে জানিয়েছে, বন্দরে আসার পথে ট্যাংকারটির মাস্টার মারা যান।
জাহাজের স্থানীয় এজেন্ট মোহাম্মদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (এমটিসিএল) ব্যবস্থাপক মো. রাশেদ গতকাল পতেঙ্গা থানায় লিখিতভাবে মাস্টারের মৃত্যুর বিষয়টি জানান।
এমটিসিএলের মহাব্যবস্থাপক কাজী আবু নাঈম প্রথম আলোকে বলেন, রোববার রাত একটায় ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। বন্দর জলসীমায় আসার আগে ট্যাংকারটির নাবিকেরা ক্যাপ্টেন সং জেং কিয়ানকে কেবিন থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ক্যাপ্টেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ট্যাংকারটি জেটিতে ভেড়ার পর পরিদর্শন করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। ক্যাপ্টেনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।