ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জ্বালানি পণ্যবাহী ট্যাংকারের ধাক্কায় একজন মোটরসাইকেলচালক মারা গেছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন (৪০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নোওয়াবাকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে। তিব্বত কোম্পানির জ্যেষ্ঠ রিপ্রেজেনটেটিভ ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী সেলিনা আক্তারের তথ্যমতে, মোশারফ হোসেন পেশাগত কাজে আজ সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেলে করে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সংগ্রাম মেডিকেলের সামনে পৌঁছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্যাংকার তাঁর মোটরসাইকেলের পেছন দিকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে ওই ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্যাংকারটি জব্দ করা যায়নি।