
যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গায় অবস্থিত ১১ নম্বর ট্যাংক থেকে তেল সরানোর সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় আগুন ধরে যায়। এতে আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ফায়ার ব্রিগেড, নৌবাহিনী, বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির গাড়ি ও আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হবে বলে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন জানিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন হাছান, আবদুর রহিম, খায়ের আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, জামসেদ, সামশু, লোকমান ও জামাল। অপরজনের নাম জানা যায়নি। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
আহত ব্যক্তিদের চিকিৎসা তদারকের দায়িত্বে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি প্রথম আলোকে বলেন, ‘আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কী হয়।’
আহত আবদুর রহিম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সন্ধ্যার দিকে ১১ নম্বর ট্যাংক থেকে তেল আরেকটিতে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ছাদ উড়ে যায়। আগুন ধরে যায়। যে যেদিকে পারি পালানোর চেষ্টা করি। পরে আমাদের উদ্ধার করা হয়।’
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এম এ মালেক বলেন, এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এখন।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ইউনুসুর রহমান গতকাল রাতেই বিমানে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি সেখানে খোঁজখবর নেন।
সূত্র জানায়, যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল চুরি বন্ধের জন্য গতকাল বিভিন্ন ট্যাংকে অটো গেজিংয়ের কাজ চলছিল। অটো গেজিং হচ্ছে ট্যাংকে কী পরিমাণ তেল ঢোকানো হচ্ছে এবং সরবরাহ করা হচ্ছে এর সঠিক পরিমাপের আধুনিক পদ্ধতি।
গতকাল অটো গেজিং পদ্ধতির কাজ চলার সময় কোনো প্রকৌশলী ও টার্মিনাল ব্যবস্থাপক ঘটনাস্থলে ছিলেন না। কিছু মিস্ত্রি (টেকনিশিয়ান) ও শ্রমিক অটো গেজিং স্থাপনের জন্য তেল সরানোর কাজ করছিলেন। ওই সময় ট্যাংকের তলদেশে প্রায় এক হাজার অকটেন ছিল। অকটেন সরানোর সময় আকস্মিকভাবে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। বিভিন্ন সংস্থা দমকলের গাড়ি ও আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। এ কারণে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।