ট্যাংকের ঢাকনা খুলতেই বিস্ফোরণ দুই নারী দগ্ধ
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গতকাল শনিবার রাতে পানির ট্যাংকের ঢাকনা খোলার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সখিনা বেগম (৪৫) ও মুকুল বেগম (৪০) নামের দুজন নারী দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনেরা জানান, ওই দুই নারী হাজারীবাগের বোরহানপুরে থাকেন। বাসার সামনে একটি পানির ট্যাংক থেকেই তাঁদের বাসায় পানি সরবরাহ করা হয়। গতকাল রাত সোয়া নয়টার দিকে পানি সরবরাহ না হওয়ায় তাঁরা দুজন মোমবাতি জ্বালিয়ে ট্যাংক দেখার জন্য যান। ট্যাংকের ঢাকনা খুলতেই বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন ধরে যায়। এতে ওই দুই নারীর মুখ ও বুক ঝলসে যায়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্তব্যরত একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার ব্যাপারে তাঁরা কিছু জানেন না। যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গৌতম সরকারও একই কথা বলেন।