ট্যাংকের ফুটো দিয়ে পানি পড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বিশ্বেশ্বরী দেবী সড়কে পৌরসভার পানির ট্যাংকটি ফুটো হওয়া শুরু হয়েছিল ১০ বছর আগে। সেই থেকেই পানি চুইয়ে পড়া শুরু। গত তিন বছরে ফুটোগুলো বড় হওয়ায় বেড়েছে পানি পড়ার পরিমাণ। এখনো পানি পড়ছেই।
এ নিয়ে গত ৩ ডিসেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। সে সময় পৌর কর্তৃপক্ষ জানিয়েছিল ১৫ দিনের মধ্যে তারা এ সমস্যার সমাধান করবে। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, প্রতিদিন কমপক্ষে ৩০০ লিটার পানি ট্যাংকের ফুটো দিয়ে চুইয়ে পড়ে অপচয় হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩ ডিসেম্বর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পরও তিন মাস হয়ে গেছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে পানি পড়া বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিন বছর ধরে বিরতিহীনভাবে ট্যাংকের ফুটো দিয়ে পানি চুইয়ে পড়লেও ঈশান চক্রবর্তী সড়ক ও গোলপুকুর পাড়ের আবাসিক এলাকার লোকজন নিয়মিত পানি পাচ্ছে না। এ ছাড়া ট্যাংক পুরোনো হওয়ায় পানিতে দুর্গন্ধ থাকে এবং মাঝেমধ্যে আর্বজনা পাওয়া যায়।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৩৭ সালে প্রায় ২০০ ঘনমিটার ধারণক্ষমতার এ ট্যাংকটি নির্মাণ করা হয়। ট্যাংকটি পুরোনো হয়ে যাওয়ায় ২০১৩ সালে ওই ট্যাংকের কাছাকাছি জায়গায় ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতার আরও একটি ট্যাংক নির্মাণ করা হয়। এটি নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নতুন ট্যাংকটি চালু হলেও দিনে মাত্র একবার ওই ট্যাংকটি পানি সরবরাহের কাজে ব্যবহার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ পৌরসভার সহকারী প্রকৌশলী আজিজুল হক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। পুরোনো আমলের ট্যাংক হওয়ায় এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা কঠিন। ঢাকা থেকে ওই সব উপকরণ আনা হবে। আশা করি, এক সপ্তাহের মধ্যে ট্যাংকের ফুটোগুলো বন্ধ করে পানির অপচয় রোধ করা যাবে।’