ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরেক শ্রমিক। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন এই ভবনের মালিক আনিচ মোল্লা নামের এক ব্যক্তি।
মারা যাওয়া দুজন হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকোলা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে শাহীন আলী (২৮) ও মিন্টুর ছেলে আশিক (২২)। আহত মিঠুর বাবার নাম মোক্তার হোসেন। তাঁর বাড়িও একই গ্রামে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, সকালে আনিচ মোল্লার বাড়িতে তিনজন শ্রমিক একটি নির্মাণাধীন পানির ট্যাংকের শাটারের কাঠ খোলার কাজ করছিলেন। এ সময় শাহীন ও মিঠু কাঠ খোলার জন্য ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু দীর্ঘ সময় পরও তাঁদের কোনো সাড়া না মেলায় আশিক ভেতরে নামেন। কিন্তু তিনিও সেখানে অচেতন হয়ে পড়েন। পরে অন্য সহযোগীরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন এসে উদ্ধারকাজ শুরু করেন। এরপর তিনজন জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান দায়িত্বরত চিকিৎসক আশিক ও শাহীনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বদরুল আলম বলেন, খবর পাওয়ামাত্রই ট্যাংকের ভেতর থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর সোয়া ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরকার বাতাস বিষাক্ত ছিল। এই কারণে ট্যাংকে নামার পর তাঁদের মৃত্যু হয়।