ট্যাংক-লরি মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বন্দরের বরাদ্দ দেওয়া জমিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) টার্মিনালের অবকাঠামো নির্মাণ করে দেওয়ার আশ্বাস পাওয়ায় গত রোববার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।
ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, বিপিসি কর্তৃপক্ষ গত রোববার বিকেলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠক করেন। টানা পাঁচ ঘণ্টার বৈঠকে বিপিসির কর্মকর্তারা শিগগিরই টার্মিনাল তৈরির কাজ শুরু করা হবে বলে তাঁদের আশ্বাস করেন। বিপিসির পরিচালক (অপারেশন ও প্ল্যানিং) মোসলেহ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।
ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা প্রথম আলোকে বলেন, ‘বিপিসি আমাদের দাবি মেনে নিয়েছে। বন্দর থেকে পাওয়া জমিতে তারা আমাদের জন্য টার্মিনাল করে দেবে বলেছে।’
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন ও প্ল্যানিং) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বন্দরের কাছ থেকে পাওয়া জায়গার বরাদ্দপত্রসহ প্রয়োজনীয় কাগজ আমাদের জমা দিতে বলেছি। কাজ শুরু করার পর্যাপ্ত অর্থ আমাদের কাছে আছে। যত দ্রুত সম্ভব দরপত্র আহ্বান করে টার্মিনাল তৈরির কাজ শুরু করা হবে।’
এর আগে গত শনিবার বৈঠক করে সোমবার থেকে ধর্মঘট কর্মসূচি দিয়েছিল ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তখন তারা বলেছিল, তিন পার্বত্য জেলার পাশাপাশি কক্সবাজারের টেকনাফ থেকে মিরসরাইয়ের বারইয়ারহাট পর্যন্ত এলাকা ধর্মঘটের আওতায় থাকবে। ধর্মঘট চলাকালে এসব এলাকায় জ্বালানি পরিবহনকারী গাড়ি চলবে না।