সর্বোচ্চ পাঁচ বছর কর দিয়েছেন, এমন ব্যক্তি ও কোম্পানিকে সম্মান জানাতে ট্যাক্স কার্ড দেওয়া হবে। জাতীয় পর্যায়ে ১০ জন করদাতা এই ট্যাক্স কার্ডসহ সিআইপি মর্যাদায় বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। তবে ঋণখেলাপি, আদালত থেকে পাওয়া দণ্ডে শাস্তি ভোগ করেছেন অথবা পাঁচ বছর হয়নি এমন করদাতা এর আওতায় আসবেন না। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করা হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, বর্তমান সরকার রাজস্ব আদায়ে দেশব্যাপী প্রচার চালাচ্ছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় হয়েছে। তাই করদাতাদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।ল্যাপটপ উৎপাদনের অনুমোদন: বৈঠকে স্বল্পমূল্যের ল্যাপটপ উৎপাদন ও সংযোজন কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং ২এম করপোরেশন ও টিএফটি মালয়েশিয়া যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। কোম্পানিটি টেশিসের বিভিন্ন অবকাঠামো ব্যবহার করবে। ল্যাপটপের মূল্য ধরা হবে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। বৈঠকে কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলন এবং বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ নেওয়া-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়।