ট্যাক্সি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে জবাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি সিএনজিচালিত ট্যাক্সি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে জবাইয়ের চেষ্টাকালে এলাকাবাসী ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ট্যাক্সিচালকের নাম সাইফুল ইসলাম। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে যাত্রীবেশী চার ছিনতাইকারী ফেনী শহরের পোস্ট অফিস রোড থেকে ফুলগাজীর হাসানপুর যাওয়ার কথা বলে একটি ট্যাক্সি ভাড়া করে। তারা হাসানপুর বোর্ড অফিসের দক্ষিণ পাশে একটি নির্জন সড়কে গিয়ে ট্যাক্সি থেকে নেমে চালককেও গাড়ি থেকে নেমে আসতে বলে। চালক ট্যাক্সি থেকে নামামাত্রই ছিনতাইকারীরা তাঁকে জাপটে ধরে এবং গলায় ছুরি বসায়। এ সময় তাঁর চিৎকারে তারাবির নামাজের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করেন এবং একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। আটক হওয়া ছিনতাইকারী কুমিল্লার লাকসামের শিলন গ্রামের যৌবন আলীর ছেলে মো. হানিফ (৩৫)। তাঁর সঙ্গে আরও তিনজন ছিল বলে জানান তিনি। এ ঘটনায় ট্যাক্সির মালিক আমান উল্লাহ বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা করেছেন।