ট্যাক্সি থামিয়ে ছিনতাই সহযোগী সন্দেহে চালককে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় একদল ছিনতাইকারী সড়কে ট্যাক্সি থামিয়ে স্বর্ণালংকার ও মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। ডাকাতদলের সহযোগী সন্দেহে জাফর আলম (৩০) নামের ওই ট্যাক্সির চালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালারমারছড়া ইউনিয়নের জনতাবাজার থেকে একরামুল হক চৌধুরী তাঁর পরিবার নিয়ে ভাড়া করা ট্যাক্সিতে চড়ে মাতারবাড়ি যাচ্ছিলেন। চালিয়াতলি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্যাক্সি থামায়। তারা একরামুলের স্ত্রীর কাছে থাকা প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, চালক জাফরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।