ট্যাক্সি যেন সোনার হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যাক্সি
ট্যাক্সি

ঢাকার রাজপথে ট্যাক্সিক্যাবের দেখা মেলে খুব কমই। পেলেও ভাড়া অনেক বেশি। সরকার দুটি প্রতিষ্ঠানকে এ ব্যবসা করার সুযোগ করে দিলেও তারা শর্ত মেনে ট্যাক্সিক্যাব নামাতে পারেনি। এ কারণে নগরবাসী রাস্তায় নেমে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়ছে।
সরকার তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে চার মাসের মধ্যে ৫০০ ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দিয়েছিল। প্রায় দেড় কোটি মানুষের এ শহরে এক বছরে মাত্র ২৬৭টি ট্যাক্সিক্যাব নামাতে পেরেছে তারা। অথচ ২০১০ সালের নীতিমালা অনুযায়ী, ঢাকায় এসি ও নন-এসি মিলিয়ে ছয় হাজার ৭৪০টি নতুন ট্যাক্সিক্যাব নামানোর কথা। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ১১ হাজার ট্যাক্সিক্যাব নামানো হয়েছিল। ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই এগুলো অকেজো হয়ে উঠে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকায় বাস, কার, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের নিবন্ধণ আছে আট লাখ ২৮ হাজার। এর মধ্যে দৈনিক কত যানবাহন চলাচল করে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, কর্মব্যস্ত দিনে মোটরসাইকেল ছাড়া দুই থেকে সোয়া দুই লাখ যানবাহন চলাচল করে।
ভুক্তভোগী ও চালকেরা জানান, অত্যধিক ভাড়া, কমসংখ্যক ট্যাক্সিক্যাব নামানো এবং সরকারের উদ্যোগের অভাব ও দুর্বল নীতি—এ তিন কারণে ট্যাক্সিসেবা মুখ থুবড়ে পড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, ১৫০০ সিসির তিন বছরের পুরোনো গাড়ি আমদানির ক্ষেত্রে সব মিলিয়ে ১৩১ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। কিন্তু একই সিসির ট্যাক্সিক্যাবের ক্ষেত্রে শুল্ক ৪৯ শতাংশ। অর্থাৎ গণপরিবহন হিসেবে সরকার ৮২ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড় দিয়েছে। দেড় হাজার সিসির বেশি হলে বাণিজ্যিক গাড়ির শুল্ক আরও বেড়ে যায়। কিন্তু ট্যাক্সিক্যাবের জন্য আমদানি করা গাড়ির শুল্ক একই থাকে। নীতিমালায় সর্বনিম্ন দেড় হাজার সিসির গাড়ি দিয়ে ট্যাক্সিক্যাব পরিচালনার কথা বলা হয়েছে।
আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়ার পরও ট্যাক্সিক্যাব নামানোর আগেই নীতিমালায় উল্লিখিত ভাড়ার ১২৭ শতাংশ বাড়ানো হয়। গত জুনের দিকে রাতে চলাচলের ক্ষেত্রে ট্যাক্সিক্যাবের ভাড়া আরেক দফা বাড়ানোর আবেদন করা হলেও তা অনুমোদন করেনি বিআরটিএ।
জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি ট্যাক্সিক্যাবের সংখ্যা কম হওয়ায় আসলেই ঢাকাবাসীর ভোগান্তি হচ্ছে। প্রতিশ্রুত ট্যাক্সিক্যাব যাতে নামানো হয়, সে জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছি।’ ঈদের পর আরও বেশি ট্যাক্সি নামাতে নতুন কোম্পানি খোঁজা শুরু করবেন বলে জানান তিনি।
ভাড়া অত্যধিক, নীতিমালা ভঙ্গ: ট্যাক্সিক্যাবে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা। ভারতের কলকাতায় প্রথম দুই কিলোমিটারের ভাড়া বাংলাদেশি টাকায় ৩১ টাকা ৩৬ পয়সা। পরবর্তী প্রতি কিলোমিটার ১৫ টাকা। দিল্লিতে প্রথম এক কিলোমিটার ৩১ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার সাড়ে ১৭ টাকা। থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দুই কিলোমিটার ৮৩ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা।
যাত্রীদের অধিকার নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন যাত্রীকল্যাণ সমিতি। এর মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, শুল্ক ছাড়ে আমদানি করা ট্যাক্সিক্যাব সাধারণ মানুষের কোনোই কাজে আসছে না। ঢাকার গণপরিবহনে এর কোনো ভূমিকা নেই। আসলে এত বেশি ভাড়া দিয়ে এই ট্যাক্সিতে ওঠার সামর্থ্যই নেই বেশির ভাগ ঢাকাবাসীর।
চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাড়া বেশি বলে বাধ্য না হলে কেউ ট্যাক্সিক্যাবে ওঠেন না। উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব কমবেশি ২০ কিলোমিটার। রাস্তায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ট্যাক্সি পেয়ে গেলে এই পথ পাড়ি দিতে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা ভাড়া গুনতে হয়। যানজট বেশি হলে তা এক হাজার টাকায় গিয়ে ঠেকে।
ধানমন্ডি এলাকা থেকে ভাড়ায় গাড়ি পরিচালনাকারী রূপায়ন রেন্ট-এ কারের ব্যবস্থাপক শেখ লিটন জানান, ঢাকা ও এর আশপাশে ১০ থেকে ১২ ঘণ্টার জন্য তাঁরা শীতাতপনিয়ন্ত্রিত এক্স করোলা কিংবা এলিয়ন গাড়ি ভাড়া দেন গড়ে দুই হাজার টাকায়। জ্বালানি খরচ হয় আরও ৭০০-৮০০ টাকা।
সংখ্যায় কম বলে রাস্তায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ট্যাক্সিক্যাব পাওয়া যায় না। ফোন করে ট্যাক্সি ভাড়া করতে গেলে বসার আগেই শতাধিক টাকা মিটারে উঠে যাচ্ছে। কারণ, চালক ফোন পেয়ে যেখান থেকে যাত্রা শুরু করেন, সেখান থেকেই মিটার চালু করে দেন। অথচ নীতিমালায় ফোন করে ট্যাক্সি ভাড়া করার ক্ষেত্রে অতিরিক্ত ২০ টাকা পরিশোধের কথা বলা হয়েছে।
জানতে চাইলে তমা ট্যাক্সিক্যাবের সমন্বয়ক সাইদুর রহমান বলেন, ‘ফোনে ভাড়া করার বেলায় যাত্রীদের আমরা বলে দিই ট্যাক্সি কত দূরে আছে। জেনে-বুঝে কারও জরুরি দরকার হলে ভাড়া করেন। এতে আমাদের কিছু করার নেই। আমরা তেল থেকে গ্যাসে রূপান্তরের চেষ্টা করছি। তখন হয়তো যাত্রীদের বাড়তি সুবিধা দিতে পারব।’
তমা ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তত ১০ জন ক্যাবচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষ তাদের খরচ বাদ দিয়ে দৈনিক আড়াই থেকে তিন হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। তিন হাজার টাকার বেশি আয় হলে হাজারে ৫০ টাকা করে পান চালক। এর ফলে চালকেরা স্বল্প দূরত্বের চেয়ে দূরের পথে যাত্রাতেই বেশি আগ্রহ দেখান। এক চালক জানান, টঙ্গী সেতু কিংবা সাভারের বাইরে গেলে বাড়তি ভাড়া নেন তাঁরা।
শর্ত মানেনি পরিচালনাকারী প্রতিষ্ঠান: চার মাসের মধ্যে ঢাকায় ৫০০ ট্যাক্সিক্যাব নামানো হবে—এই শর্তে গত বছর জুলাইয়ে অনুমতি নিয়ে মাত্র ২৬৭টি ট্যাক্সিক্যাব নামিয়েছে তমা ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। এর মধ্যে তমার ১৬৮টি এবং ট্রাস্টের ৯৯।
তমা ক্যাবের সমন্বয়ক সাইদুর রহমান দাবি করেন, তাঁদের প্রতিশ্রুত ২৫০টি ট্যাক্সিক্যাবের সব কটিই চলে এসেছে। কোনোটা বন্দরে, কোনোটা টুকটাক মেরামত হচ্ছে। শিগগিরই সব রাস্তায় নামবে।
প্রতিশ্রুতি পূরণ করতে না পারার কারণে শাস্তি হওয়ার কথা দুটি প্রতিষ্ঠানের। উল্টো তাদের দাবি মেনে ভাড়া ও ট্যাক্সির চলাচল এলাকা বৃদ্ধি করেছে সরকার।
ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আবিদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘ট্যাক্সিক্যাব নামাতে কিছু পদ্ধতিগত ব্যাপার আছে। এটা চলমান প্রক্রিয়া। আমরা বসে নেই।’
ফোন করে ট্যাক্সি ভাড়া করার ক্ষেত্রে নীতিমালা ভঙ্গ হওয়ার বিষয়ে জানতে চাইলে আবিদুস সামাদ বলেন, ‘আপনার অবস্থান মহাখালী আর ট্যাক্সিক্যাব আছে গুলশানে। এই মাঝখানের পথের ব্যয়টা তো কাউকে না কাউকে নিতে হবে। যাত্রীদের কাছ থেকেই নেওয়া হয়।’
সরকারের উদ্যোগের অভাব: তমা ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সময়মতো ট্যাক্সিক্যাব নামাতে না পারলেও নতুন প্রতিষ্ঠান খোঁজার কোনো উদ্যোগ নেয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
২০১০ সালে করা নীতিমালায় বলা হয়, উপযুক্ত কোম্পানি নির্বাচন করে প্রতিটিকে এক হাজার করে ট্যাক্সিক্যাব নামানোর দায়িত্ব দেওয়া হবে। ২০১৩ সালে সংশোধন করে প্রতি কোম্পানির জন্য ২৫০টি ট্যাক্সিক্যাব পরিচালনার সীমা বেঁধে দেওয়া হয়। সে হিসাবে ঢাকায় ট্যাক্সি নামাতে ২৭টি কোম্পানি নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।
উপযুক্ত কোম্পানি নিয়োগের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটিও রয়েছে। কিন্তু কমিটি দুটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েই দায় সেরেছে।
উপযুক্ত কোম্পানি নিয়োগ কমিটি গত বছর ট্যাক্সিক্যাব পরিচালনায় প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র আহ্বান করলে আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্য থেকে তমা কনস্ট্রাকশনকে ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দেয়। অন্যরা যোগ্য না অযোগ্য, সে বিষয়টি খোলাসা করেনি কমিটি।
অভিযোগ রয়েছে, উপযুক্ত কোম্পানি নিয়োগ কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের বন্ধু তমার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান। তমাকে অনুমোদন দেওয়ার পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্যাক্সিক্যাব নামানোর আগ্রহ দেখিয়ে চিঠি দেয় বিআরটিএতে। এর পরিপ্রেক্ষিতে ট্রাস্টকে বিশেষ বিবেচনায় ঢাকায় ২৫০ এবং চট্টগ্রামে ১৫০টি ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দেওয়া হয়।
এরপর নতুন করে ট্যাক্সিক্যাব পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগে আর কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এ বিষয়ে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশি বিশেষ উপদেষ্টা ও রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংস্থা বারভিডার সাবেক সভাপতি আবদুল হক বলেন, ট্যাক্সিক্যাব পরিচালনার দায়িত্ব পাওয়া কোম্পানিগুলো অনভিজ্ঞ। সরকার আরও প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে প্রতিযোগিতা সৃষ্টি হতো। ঢাকার মানুষও এর সুফল পেত। এখানে নীতির পরিবর্তন দরকার।