ট্যাক্সিক্যাব নামছে ২২ এপ্রিল ভাড়া এখনই কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ এপ্রিল রাজধানীতে নতুন ট্যাক্সিক্যাব সেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ট্যাক্সিক্যাব নামানোর আগে এই সেবার ভাড়া কমানো হবে না বলেও তিনি জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি দেখব জনগণ কীভাবে নেয়। জনগণের প্রতিক্রিয়া দেখে যদি প্রয়োজন পড়ে ভাড়া পুনর্বিবেচনা করা হবে। ভাড়া ১০০ টাকাই থাকতে হবে এমন অবস্থানে আমরা নেই। জনস্বার্থ আমাদের দেখতে হবে।’ গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নবম ঢাকা নিটল-নিলয় মোটর শো-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকায় ৫০০ ট্যাক্সিক্যাব নামানোর দায়িত্ব পেয়েছে তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। তবে প্রথম দফায় অল্প কিছু ট্যাক্সিক্যাব চালু হবে। এই দুটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটারের ভাড়া প্রস্তাব করে ১০০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ৩৪ টাকা। যোগাযোগ মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় এই ভাড়ার হার অনুমোদনও দেওয়া হয়। ফলে ট্যাক্সিক্যাবে উঠলেই ১০০ টাকা গুনতে হবে। তবে নতুন ভাড়া হারের বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই আইনগতভাবে নতুন ভাড়া হার ঠিক হয়নি বলে জানান যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এই ভাড়া হারের পক্ষে গতকাল যোগাযোগমন্ত্রী বলেন, ‘ভালো গাড়িতে চড়বেন, মানসম্মত গাড়িতে চড়বেন, নিরাপদ গাড়িতে চড়বেন, আর আপনি ভালো পয়সা দেবেন না?’
এর আগে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটারের ভাড়া ছিল ৬০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১৫ টাকা।