ট্যাক্সিক্যাববিহীন রাজধানী!

ঢাকায় ট্যাক্সিক্যাব নামের পরিবহনব্যবস্থা এখন প্রায় বিলুপ্ত। আধুনিক নগরব্যবস্থায় ট্যাক্সিক্যাব অপরিহার্য হিসেবে বিবেচিত হলেও প্রায় দেড় কোটি মানুষের এ শহরে যাত্রীদের চাহিদা থাকার পরও ট্যাক্সিক্যাব নামাতে পারেনি সরকার। রাজধানী ঢাকা এখন কার্যত ট্যাক্সিক্যাববিহীন।
বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত দুই বছরে অসংখ্যবার ট্যাক্সিক্যাব নামানোর ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণার মধ্যে কখনো তিন মাস কখনো ছয় মাসের সময়ের কথা উল্লেখও ছিল।
সর্বশেষ গত ১১ জুলাই তমা কনস্ট্রাকশন কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫০টি ট্যাক্সিক্যাব আমদানির অনুমতি দেওয়া হয়। চার মাসের মধ্যে ট্যাক্সিক্যাব নামানোর কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা পারেনি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ট্যাক্সিক্যাব নামাতে পাঁচবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বিআরটিএ। এর মধ্যে তিনবার প্রতিষ্ঠান নিয়োগও হয়। কিন্তু ট্যাক্সিক্যাব নামানো যায়নি। আর দুবার বিজ্ঞপ্তির শর্তই পূরণ করতে পারেনি আগ্রহীরা। নিয়মানুযায়ী, চুক্তি করে তা পালনে ব্যর্থ হলে জরিমানা করার কথা। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি।
সূত্র জানায়, ১৯৯৮ সাল থেকে বিভিন্ন সময় ঢাকায় যে ১২ হাজার ট্যাক্সিক্যাব নেমেছিল, গত ডিসেম্বরে এর সবগুলোরই ১০ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। আসলে কম সিসির (ইঞ্জিন ক্ষমতা) ট্যাক্সিক্যাব আমদানির কারণে চালুর তিন বছরের মধ্যেই অধিকাংশ ট্যাক্সিক্যাব অচল হয়ে গিয়েছিল। এর পরও এক থেকে দেড় হাজার জীর্ণশীর্ণ ট্যাক্সিক্যাব ঢাকায় চলেছে। এগুলোও এখন অবৈধ হয়ে গেছে। অবশ্য পুরোনো ট্যাক্সিক্যাব চালকদের একটি সংগঠন উচ্চ আদালতের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ট্যাক্সিক্যাবগুলো আরও ছয় মাস চালানোর একটি রায় নিয়ে এসেছে। কিন্তু বিআরটিএ এই বিষয়ে এখনো কোনো আদেশ জারি করেনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্যাক্সিক্যাব যে দরকারি এবং সেবামূলক বিষয় হতে পারে—এটি কোনো সরকারই আমলে নেয়নি। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি ও আওয়ামী লীগ—উভয় সরকারই ভুল নীতিমালা করে নিম্নমানের ট্যাক্সিক্যাব (৮০০ সিসি) আমদানির সুযোগ দিয়ে শুরুতেই এই খাতকে বিপর্যস্ত করে তোলে।
২০১০ সালে ট্যাক্সিক্যাবের জন্য করা নীতিমালায়, এসি ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারিত আছে ৬০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ১৫ টাকা। প্রতি দুই মিনিট অপেক্ষমাণ সময়ের (ওয়েটিং) জন্য পৌনে চার টাকা।
মহাজোটের পাঁচ বছর গেছে আশা দেখিয়ে: আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসেই ট্যাক্সিক্যাব নামানোর ঘোষণা দেয়। কিন্তু ১৯৯৮ সালে করা নীতিমালা পরিবর্তনে প্রায় দুই বছর কাটিয়ে দিয়েছে।
২০১০ সালে আরেক দফা নীতিমালা করার পর ট্যাক্সিক্যাব নামানোর লক্ষ্যে বিজ্ঞপ্তি দেয় বিআরটিএ। ২০১১ সালে শারিকা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে এক হাজার ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দেওয়া হয়। চুক্তি সইয়ের তিন মাসের মধ্যে ৩০০ ট্যাক্সিক্যাব নামানোর কথা থাকলেও কয়েক দফা সময় বৃদ্ধি করে একটিও নামাতে পারেনি।
শারিকা ব্যর্থ হওয়ার পর কর্ণফুলী ওয়ার্কস নামে আরেকটি প্রতিষ্ঠান এক হাজার ট্যাক্সিক্যাব নামানোর আগ্রহ দেখায়। বিআরটিএ ২০১১ সালের অক্টোবর মাসে চুক্তিও করে। এরাও ব্যর্থ হয়।