ট্যাক্সিসেবা 'উবার' অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’কে অবৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে।

উবার হচ্ছে যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক। সারা বিশ্বে এটি এখন বেশ জনপ্রিয় অ্যাপ। গত মঙ্গলবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বাংলাদেশে এই অ্যাপ চালুর ঘোষণা দেয় উবার। উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে প্রযুক্তির শক্তিকে চালক, যাত্রী ও শহরের সুবিধার্থে কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।’

এই সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ্যাপ ডাউনলোড করে ই-মেইল ও ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ্যাপ ব্যবহার করে সেবা নেন যাত্রীরা। ব্যক্তিগত গাড়ি ভাড়ায় খাটানোর ক্ষেত্রে বাংলাদেশের আইনি বিষয়গুলো উবার কীভাবে সামাল দেবে এবং বাংলাদেশে এর অনুমোদনের বিষয়গুলো কবে কীভাবে সমাধা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য সেখানে ছিল না।

উবার বাংলাদেশে কার্যক্রম শুরুর তিন দিনের মাথায় ওই সেবাকে ‘অবৈধ’ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিল বিআরটিএ। বিজ্ঞপ্তির শুরুতেই বড় অক্ষরের শিরোনামে বলা হয়েছে, ‘স্মার্টফোন ট্যাক্সিসেবা “উবার” বেআইনিভাবে ট্যাক্সিক্যাব সার্ভিস প্রদান হতে বিরত থাকা সংক্রান্ত বিআরটিএর বিজ্ঞপ্তি’। বিজ্ঞপ্তিটি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নুরুল ইসলামের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন দৈনিক পত্রিকায় ‘স্মার্টফোনে ট্যাক্সিসেবা “উবার” চালু হলো ঢাকায়’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতি বিআরটিএর দৃষ্টি আকৃষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিআরটিএ তথা সরকারের অনুমোদন ছাড়া কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

বিআরটিএ বলছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০’ অনুয়ায়ী। কোনো কোম্পানি ট্যাক্সিক্যাব পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। ভাড়ায় চালিত বা রেন্ট-এ কার হিসেবে পরিচালিত মোটর কার ও মাইক্রোবাস পৃথক সিরিজে রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া মোটরযান বিধিমালা অনুযায়ী প্রতিটি মোটর কার ও মাইক্রোবাসের পৃথক রং (কালো বডি ও হলুদ টপ) থাকা এবং মোটরযান অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় রুট পারমিট গ্রহণ বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য উবারের মালিক ও চালকদের অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উবার সম্পর্কে জানতে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, উবার বিষয়ে তাঁরা কিছু জানেন না। তাঁদের সঙ্গে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেনি বলে তাঁরা জানান।