ট্যানারি কারখানা বন্ধ হওয়ায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতি, দাবি মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পকারখানা বন্ধ করে দেওয়ায় ১৯ দিনে দেড় হাজার কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে। এ শিল্পে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। আজ বৃহস্পতিবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ দাবি করেছেন চামড়া শিল্প ঐক্য পরিষদের নেতারা। তাঁরা অভিযোগ করেন, উচ্চ আদালতের আদেশ অনুসারে সাভারে চামড়া শিল্প নগরে নির্ধারিত সময়ে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে তাঁরা শিগগির আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে চামড়া শিল্প ঐক্য পরিষদ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও পরিষদের আরেক কো-চেয়ারম্যান শাহীন আহমেদ, পরিষদের সদস্যসচিব আবুল কালাম আজাদসহ পরিষদভুক্ত এ খাত সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের নেতারা।

ট্যানারি শিল্পকারখানা হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরে স্থানান্তরের জন্য উচ্চ আদালতের নির্দেশে ৮ এপ্রিল কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে পরিষদের কো-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ৮ এপ্রিল হাজারীবাগে ট্যানারি শিল্পকারখানা বন্ধ করে দেওয়ার পর এ পর্যন্ত এ খাতে দেড় হাজার কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে। উচ্চ আদালত সাভারের চামড়া শিল্প নগরে ১৫ দিনের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার আদেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ১৪০টি কারখানা গ্যাস-সংযোগের জন্য আবেদন করেছে। অথচ পেয়েছে মাত্র নয়টি।

এ অবস্থায় শিল্প নগরে কবে থেকে উৎপাদন শুরু করা সম্ভব হবে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন নেতারা। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আইনের দ্বারস্থ হবেন বলেও জানান।

অনুষ্ঠানে ট্যানারি শিল্পকারখানার জন্য নয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ, ক্রোম রিকভারি ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ, ২০০৩ সালে সম্পাদিত সমঝোতা স্মারক অনুসারে শিল্প নগরী প্লটের মালিকদের দলিল দ্রুত নিবন্ধন করা, কারখানা বন্ধ থাকার সময়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকার থেকে এককালীন অর্থ বরাদ্দ দেওয়া, উৎপাদন বন্ধ থাকায় যেসব রপ্তানি আদেশ বাতিল হবে ও ক্রেতারা যে ক্ষতিপূরণ দাবি করবেন, সে অর্থ সরকারের পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া।