সরকারের হস্তক্ষেপ কামনা দিনাজপুর চামড়া আড়তদার মালিক গ্রুপের
ট্যানারি মালিকদের কাছে বকেয়া ২০ কোটি টাকা
পশুর চামড়া কিনতে দিনাজপুর শহরের চামড়ার আড়তগুলো সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে জেলার চামড়া আড়তমালিকদের অভিযোগ, চামড়া প্রক্রিয়াজাত ও রপ্তানি ব্যবসায় ট্যানারি মালিকেরা ব্যাংক ঋণ থেকে শুরু করে সরকারের দেওয়া সব ধরনের সুবিধা ভোগ করলেও আড়তদারদের ১৫ থেকে ২০ কোটি টাকা ইচ্ছা করে পরিশোধ করেন না। দিনাজপুর চামড়া আড়তদার মালিক গ্রুপ এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
দিনাজপুরের চামড়ার প্রধান আড়তগুলোর অবস্থান শহরের রামনগর এলাকায়। ৩০ থেকে ৩৫টি আড়তে বছরজুড়ে চামড়া কেনাবেচা হয়।
গতকাল রোববার বেলাসাড়ে ১১টায় কথা হয় দিনাজপুর চামড়া আড়তদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আকতার আজিজের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আড়তমালিক ও শ্রমিকেরা কোরবানির গরু, ছাগল, খাসি ও ভেড়ার চামড়া কেনার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
রামনগর এলাকার চামড়ার আড়তদার মোহাম্মদ আলী বলেন, সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী, দিনাজপুরে ১৮ থেকে ২০ বর্গফুট আয়তনের একটি গরুর চামড়া কিনে পরিষ্কার করে লবণ মাখিয়ে ঢাকায় আড়তদারেরা কিনবেন ৪০ টাকা বর্গফুট হিসাবে ৭২০ থেকে ৮০০ টাকায়। অথচ এর আগে দিনাজপুরে খরচ হবে ২৮৫ টাকা। অর্থাৎ দিনাজপুরে একটি গরুর চামড়া ৫১৫ টাকার বেশি দামে কিনলে আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে হবে। অন্যদিকে খাসির একটি ৫ বর্গফুট আয়তনের চামড়ার ট্যানারি মূল্য ৭৫ টাকা। কিন্তু সেই চামড়া সংরক্ষণে দিনাজপুরেই খরচ হচ্ছে ৭৫ টাকা। এ অবস্থায় এ বছর দিনাজপুরে খাসির চামড়া পানির দামে বিক্রি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া হিসাব না করে চামড়া কিনলে ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।
দিনাজপুর চামড়া আড়তদার মালিক গ্রুপের সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দিনাজপুরের চামড়া আড়তদাররা ঢাকার ট্যানারি মালিকদের কাছে ২৫ কোটি টাকা পাবেন। নিয়ম অনুযায়ী সারা বছর ব্যবসার পর ট্যানারি মালিকেরা কোরবানির আগে আড়তদারদের বকেয়া পাওনা পরিশোধ করে কোরবানির চামড়া কেনার জন্য অগ্রিম টাকা সরবরাহ করার কথা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকেরা কখনোই দিনাজপুরের চামড়া আড়তদারদের অগ্রিম টাকা প্রদান তো দূরের কথা, বকেয়া টাকাই পরিশোধ করেন না। এবারও ট্যানারি মালিকেরা শুধু আড়তদারদের বকেয়া পাওনার ২০ থেকে ২৫ ভাগ পরিশোধ করেছেন। দিনাজপুরের চামড়ার আড়তদার মোহাম্মদ আবেদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের চামড়াশিল্পকে রক্ষা এবং রপ্তানি আয় বাড়াতে ঢাকার ট্যানারি মালিকেরা শুল্কমুক্ত রাসায়নিক পদার্থ কেনা, বড় অঙ্কের ব্যাংক ঋণ, চামড়া কিনতে অগ্রিম টাকা এমনকি চামড়া রপ্তানির ওপর রিবেট সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। অথচ আড়তদারদের বকেয়া টাকা পরিশোধ করেন না।
এ অবস্থায় দেশের চামড়াশিল্পকে রক্ষা করতে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া ২৫ কোটি টাকা পাওনা আদায়ে দিনাজপুরে চামড়া ব্যবসায়ীরা সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।