ট্যানারি সরলে নতুন জীবন পাবে হাজারীবাগবাসী
হাজারীবাগ কালুনগর এলাকায় জলাধারের পানি রক্তের মতো লাল। এর কারণ ট্যানারি। প্রায় আড়াই শ কারখানা থেকে বেরিয়ে আসা বিষাক্ত তরল বর্জ্য হাজারীবাগ খাল হয়ে পশ্চিমাঞ্চলীয় বাঁধের ভেতরের স্লুইসগেট ও নানা পথে পড়ছে বুড়িগঙ্গা নদীতে। এতে করে বুড়িগঙ্গার পানির দূষণ আরও বাড়ছে।
ট্যানারিগুলো থেকে অন্তত দুই কিলোমিটার এলাকার বাতাসে দুর্গন্ধ। গত সোমবার বিকেলে হাজারীবাগে কালুনগর ও আশপাশের এলাকায় পানিতে দূষণ দেখা গেছে। এক হিসাবে দেখা গেছে, ট্যানারিগুলো থেকে প্রতিদিন প্রায় দুই হাজার মেট্রিক টন দূষিত বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে। এসব বর্জ্যের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক আছে বলে বিশেষজ্ঞ মত আছে, যাতে ক্যানসার সৃষ্টি করা উপাদান রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রিভার কিপার শরীফ জামিল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে দূষণ ঘটেছে, তাতে ট্যানারি সরিয়ে নেওয়ার কয়েক যুগ পরও সেখানে দূষণ থাকবে। এদিকে শিল্পমন্ত্রীর ৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি সরানোর নির্দেশকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়ে বলেছেন, অন্তত এক মাসের মধ্যেও যদি কারখানাগুলো সরে যায়, তাঁরা নতুন জীবন পাবেন।
গত সোমবার এলাকায় গেলে কয়েকজন বাসিন্দা তাঁদের দীর্ঘদিনের জমানো অভিযোগ সামনে নিয়ে আসেন। তাঁদের অভিযোগ, ট্যানারি বর্জ্যের কারণে যুগ যুগ ধরে এলাকা দূষিত হয়ে আছে। অথচ এর জন্য দায়ী এক শ্রেণির ব্যবসায়ী শুধু তাঁদের মুনাফার বিষয় চিন্তা করেছেন। এখানের বাসিন্দাদের কথা তাঁরা ভাবেননি। বাসিন্দারা শুধু শারীরিক নয়, নিয়মিতভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দেখা গেল, কালুনগর এলাকায় পাকা ঘরের দেয়াল, টিনের ঘরের চাল সবই ধূসর বিবর্ণ। বাসিন্দা আবদুর রউফ বলেন, একটি স্টিলের আলমারি কেনার এক মাসের মধ্যে জং ধরে যায়।
পরিবেশ অধিদপ্তরের এক গবেষণায় দেখা যায়, হাজারীবাগ ট্যানারির তরল বর্জ্যের কারণে প্রতিবছর ৪০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়। ২ হাজার ৪০৯ কোটি টাকার পরিবেশগত ক্ষতি হয়েছে। হিউম্যান হেলথ অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার কস্ট অব এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডাস্ট্রি ইন ঢাকা নামের একটি গবেষণা হয়েছিল ১৯৯৭ সালে। গবেষণায় দেখা যায়, ওই সময়ে স্বাস্থ্য খাতে হাজারীবাগ এলাকার প্রতিটি মানুষের এক বছরে ১৫০ ডলারের সমপরিমাণ ক্ষতি হয়। দূষণের কারণে এলাকার সম্পদ নষ্ট হয়। বাসা ভাড়া কমে যাওয়ার ফলে মোট ৫ হাজার ৩৬৭ কোটি টাকারও বেশি ক্ষতি হয়। বর্তমানে এই ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক পানি বিশেষজ্ঞ মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকায় মনুষ্য সৃষ্ট পয়োবর্জ্য বুড়িগঙ্গা নদীকে যতটা বিষাক্ত করছে, তার চেয়ে অনেক বেশি বিষাক্ত করে ট্যানারির জৈব বর্জ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে সরকারের পক্ষ থেকে হাজারীবাগ ট্যানারিগুলোতে বর্জ্য পরিশোধন যন্ত্র বসানোর তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু এত বছরে একটি কারখানাতেও পরিশোধন যন্ত্র বসানো হয়নি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, প্রচুর খরচ হবে বলে মালিকেরা এই যন্ত্র বসাতে আগ্রহী হননি। ২০০২ সাল থেকে হাজারীবাগের ট্যানারি শিল্পকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের প্রক্রিয়া চললেও মামলাসহ নানা কারণে তাতে বাধা আসে। ২০১০ সালে স্থানান্তরের ক্ষতিপূরণ হিসেবে কারখানার মালিকদের আড়াই শ কোটি টাকা দেওয়া হয়। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, ক্ষতিপূরণের পুরো টাকা মালিকদের হাতে আসেনি।