ট্যানারি সরানো নিয়ে দোটানায় অনেক মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে ট্যানারি স্থানান্তরের জন্য শিল্পমন্ত্রীর বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময়সীমার এক দিন পার হয়ে গেলেও চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। আগের মতোই কাজকর্ম চলছে ট্যানারিগুলোতে। ছবিটি গতকাল দুপুরে হাজারীবাগ থেকে তোলা l প্রথম আলো
ঢাকা থেকে ট্যানারি স্থানান্তরের জন্য শিল্পমন্ত্রীর বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময়সীমার এক দিন পার হয়ে গেলেও চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। আগের মতোই কাজকর্ম চলছে ট্যানারিগুলোতে। ছবিটি গতকাল দুপুরে হাজারীবাগ থেকে তোলা l প্রথম আলো

হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের হেমায়েতপুরে সরিয়ে নিতে আপত্তি করছে না মালিকদের বড় একটি অংশ। তবে ৭২ ঘণ্টার মধ্যে সরে যাওয়া অসম্ভব বলে জানিয়েছেন তাঁরা। কেউ কেউ বলেছেন, হাজারীবাগে কোটি কোটি টাকার পুঁজি খাটিয়েছেন, মায়াও পড়ে গেছে। যাবেন কি যাবেন না, তা নিয়ে দোটানায় অনেক মালিক।
গতকাল সোমবার হাজারীবাগের ট্যানারি কারখানা ঘুরে মালিকদের প্রতিক্রিয়া জানা যায়। গত রোববার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৭২ ঘণ্টার মধ্যে (গতকাল ছিল ৪৮ ঘণ্টা) ট্যানারি না সরালে কারখানাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক)।
গতকাল ট্যানারি এলাকায় ৪০ জনের মতো মালিককে পাওয়া যায়। এঁদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাঁরা বলেছেন, একেকজনের ২০-২৫ কোটি টাকা লগ্নি আছে হাজারীবাগে। তারপরও বৃহৎ স্বার্থে তাঁরা এই স্থান ছেড়ে চলে যাবেন।
বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বসালে ট্যানারির কারণে বুড়িগঙ্গা নদী এতটা দূষিত হতো না বলে স্বীকারও করেন কয়েকজন মালিক। তবে আর্থিক কারণে ওই যন্ত্র বসাতে পারেননি বলে জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস ও ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের প্রথম আলোকে বলেন, ইটিপি বসানো হলে আসলেই বুড়িগঙ্গার দূষণ অনেক কমে যেত। শিল্পমন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করেছেন কি না—জানতে চাইলে আবু তাহের বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) কমিটি মন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত আলাপ করবে। তবে রোববার মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি সম্ভবত আরও সময় দেবেন। আবু তাহের বলেন, ‘ট্যানারিমালিকদের সঙ্গে আমার কথা হয়েছে, যাওয়ার ব্যাপারে কারও আপত্তি নেই।’ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা যাওয়ার জন্য তৈরি।’
রাজধানীর ভেতরে গড়ে ওঠা ট্যানারিগুলো এখন সবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্যানারিগুলো থেকে প্রাতিদিন প্রায় দুই হাজার মেট্রিক টন দূষিত বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে। এসব বর্জ্যে মারাত্মক ক্ষতিকর সোডিয়াম সালফায়েড ও পটাশিয়াম সালফেট রয়েছে বলে বিশেষজ্ঞ মত আছে, যাতে ক্যানসার সৃষ্টি করা উপাদান রয়েছে। ট্যানারির কারণে ওই এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
প্রায় ৫৫ বছর আগে ষাটের দশকে নারায়ণগঞ্জ থেকে ট্যানারি কারখানা ঢাকার হাজারীবাগে আসে। সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের কথা হয় ২০০২ সালে। সর্বশেষ হেমায়েতপুরে ১৫৮টি প্লট দেওয়া হয় ট্যানারি কারখানা তৈরির জন্য। প্লটগুলো সর্বোচ্চ ৩৬ লাখ এবং সর্বনিম্ন ১৬ লাখ বর্গফুটের। মালিকদের কাছ থেকে ইটিপির খরচ নিয়ে এগুলো বিক্রি করা হয়েছে।