রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। গতকাল শনিবার দুপুরে হাজারীবাগ বেড়িবাঁধের ওপর তারা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, পরিবেশগত অবস্থান ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা মানা হয়নি। হাজারীবাগ ট্যানারি থেকেই প্রতি মাসে গড়ে তিন হাজার মেট্রিক টন কঠিন এবং আড়াই লাখ টন তরল বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে। এ কারণে এই নদীর পানি মারাত্মক দূষণের শিকার। অন্যদিকে হাজারীবাগে জলাবদ্ধতার সমস্যা রয়েছে বহুদিন ধরে।সমাবেশে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাসফের হাজারীবাগ অঞ্চলের সভাপতি জি এম রুস্তম খান, গ্রিনমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, পবার প্রকল্প কর্মকর্তা আতিক মোর্শেদ, রিকের প্রকল্প কর্মকর্তা বেবি রিটা প্রমুখ। বিজ্ঞপ্তি।