ট্যানারি স্থানান্তর না করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
সরকারের সর্বশেষ বেঁধে দেওয়া সময় আগামী ৩০ মার্চের মধ্যে রাজধানী থেকে ট্যানারিশিল্প সাভারে স্থানান্তরে ব্যর্থ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। পবা কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। তিনি বলেন, রাজধানী থেকে ট্যানারি স্থানান্তরের শুরু থেকেই প্রকল্প এলাকা নিয়মিত পরিদর্শন, জরিপ ও পর্যবেক্ষণ করে আসছে পবা। তারই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি সাভারের চামড়াশিল্প নগরীতে পরিদর্শন ও পর্যবেক্ষণে দেখা যায়, ৫১ শতাংশ ট্যানারি প্রতিষ্ঠান ফাউন্ডেশন সম্পন্ন হয়েছে। প্রায় ৪৪ দশমিক ৫ শতাংশ ট্যানারির ফাউন্ডেশনের কাজ চলছে। আর সাড়ে চার শতাংশ এখনো কিছুই করেনি। এ ছাড়া ড্রাম স্থাপন করেছে ২৩টি প্রতিষ্ঠান। কিন্তু এদের মধ্যে বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করেছে মাত্র দুটি প্রতিষ্ঠান।
আবদুস সোবহান বলেন, ট্যানারি স্থানান্তর কার্যক্রম যে গতিতে চলছে, তাতে ৩০ মার্চের মধ্যে মাত্র ২০ শতাংশ ট্যানারিতে ড্রাম স্থাপন সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। তবে এগুলোর বেশির ভাগেই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ শুরু হয়নি। ফলে বিদ্যুৎ-সংযোগের অভাবে অনেক ট্যানারি চালু করা সম্ভব হবে না। তাই এখনই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ ও বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা দরকার। এ ছাড়া প্রকল্প মেয়াদের (আগামী জুন মাস পর্যন্ত) মধ্যে ডাম্পিং ইয়ার্ড, এসটিপি, এসপিজিএস নির্মাণ সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অনেক জরুরি। ৩০ মার্চের মধ্যে যেসব ট্যানারি সাভারে স্থানান্তর করতে ব্যর্থ হবে তাদের প্লট বাতিল, হাজারীবাগের ট্যানারি বন্ধ, পরিবেশের ক্ষতিপূরণ আদায় ও চলতি মূলধন দেওয়া যাবে না।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক আরও বলেন, পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিচালনায় ধুলা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিল্প এলাকায় ব্যাপকভাবে দূষণ হচ্ছে। যা কর্মরত শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যের ও এলাকার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ট্যানারিতে লবণ পরিশোধনেরও কোনো ব্যবস্থা সিইটিপিতে নেই। এ ছাড়া প্রকল্পে শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, ডে কেয়ার সেন্টার, চিকিৎসাসুবিধা, ফায়ার ব্রিগেড ইত্যাদি উল্লেখ নেই।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, সহসম্পাদক মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি৷