ট্যানারি স্থানান্তরে অগ্রগতি নেই
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত রাখতে ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্পনগরে চলতি মাসে স্থানান্তর করার কথা। কিন্তু নির্ধারিত সময়ে তা স্থানান্তরে শিল্পমালিকদের কাজের কোনো অগ্রগতি হয়নি। ১৫৫টি ট্যানারির মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার (ছয়তলাবিশিষ্ট) ছাদ ঢালাই হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ চলছে ধীরগতিতে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৮ মার্চ পবার একটি প্রতিনিধিদল ট্যানারিশিল্প স্থানান্তর কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন, জরিপ, পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়, মাত্র ছয় শতাংশ শিল্পপ্রতিষ্ঠান ভবনের ফাউন্ডেশন সম্পন্ন করেছে, ৩৬ শতাংশ ফাউন্ডেশনের কাজ চলছে এবং ৫৮ শতাংশ শিল্প ভবন নির্মাণের জন্য এখন পর্যন্ত কিছুই করেনি। তাই আগামী জুন মাসের মধ্যে যেসব প্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারবে না, তাদের প্লট বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়াসহ আট দফা সুপারিশ করে পবা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধের আলোকে বক্তব্য তুলে ধরেন পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। বিজ্ঞপ্তি।