ট্যানারি স্থানান্তরে কর্মদল গঠনের নির্দেশ শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর করার জন্য একটি কর্মদল (ওয়ার্কিং টিম) গঠনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি শিল্পমালিকদের সমন্বয়ে ওই কর্মদল গঠন করার নির্দেশ দেন।

আজ রোববার দুপুরে ‘চামড়া শিল্পনগরের উন্নয়ন, ট্যানারি স্থানান্তর এবং ফুটওয়্যার ও লেদারগুডস শিল্পের উন্নয়ন ত্বরান্বিতকরণ’ শীর্ষক আলোচনাসভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিনিসড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যারস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)।

শিল্পমন্ত্রী বলেন, ওয়ার্কিং টিম হাজারীবাগের ট্যানারিগুলোর স্থানান্তরপ্রক্রিয়া তদারকির পাশাপাশি উদ্যোক্তাদের অন্যান্য সমস্যা নিরসনেও প্রশাসনিক পর্যায়ে কাজ করবে। স্থানান্তর শুরু হলে যেসব ট্যানারি-মালিক সাভারের চামড়া শিল্পনগরীতে প্লট পাননি, তাঁদের জন্য প্রকল্পের সংলগ্ন এলাকায় ‘সম্প্রসারিত প্রকল্প’ নেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে ছয় হাজার কোটি ডলারেরও বেশি পাদুকার চাহিদা রয়েছে। এর ৭৫ শতাংশই চীন এককভাবে জোগান দিচ্ছে। বাংলাদেশ ২০১২-২০১৩ অর্থবছরে চামড়া, পাদুকা ও চামড়াজাত পণ্য রপ্তানি করে ৯৮ কোটি ২০ লাখ ডলার আয় করেছে। এ খাতের উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতের কয়েক শ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। চামড়াশিল্পকে তৈরি পোশাকশিল্পের মতো শক্তিশালী রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তাঁরা।

বিএফএলএলএফইএর চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ফজলে নূর তাপস, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রমুখ বক্তব্য দেন।