ট্যানারি স্থানান্তরে মালিকদের নোটিশ দেওয়ার নির্দেশ
নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগের ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের জন্য মালিকদের লিগ্যাল নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আদালতের নির্দেশনা ও বিসিকের সঙ্গে ট্যানারি শিল্প–উদ্যোক্তাদের সমঝোতার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য এ নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। একই সঙ্গে যেসব ট্যানারি–মালিক সাভারের শিল্পনগরীতে কারখানা নির্মাণ শুরু করেছেন, তাদের আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণের অর্থ দিতে বিসিকের প্রতি নির্দেশনা দেন।
চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থার প্রধানদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এসব নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ২৮টি প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫২৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পগুলোর জন্য ২৭৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে। সভায় আরও জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৯১ দশমিক ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে।
আমির হোসেন আমু কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে শাহজালাল সার কারখানাসহ কোনো প্রকল্প নির্ধারিত সময় সীমার মধ্যে বুঝে নিতে না পারলে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রকল্প বাস্তবায়ন করতে উদ্ভূত যেকোনো সমস্যা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন।
সভায় সবার জন্য আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ১৯৮৯ সালের আয়োডিনযুক্ত ভোজ্য লবণ আইন আধুনিকায়নেরও সিদ্ধান্ত হয়।
আজকের এ সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।