ট্যানারির গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার
সাভার

ঢাকার সাভারে একটি কারখানার ট্যানারিতে কাজ করার সময় রাসায়নিক গ্যাসে আক্রান্ত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অপর এক শ্রমিক। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে সাভারের হেমায়েতপুরে লাউচর এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিকের নাম হাসান (২৫) ও মাহবুব (৫০)। এ সময় গুরুতর অসুস্থ মোয়াজ্জেম নামে অপর এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তাঁদের সহকর্মী আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই ট্যানারিতে পানির সঙ্গে রাসায়নিক গ্যাস মেশানোর কাজ করছিলেন তাঁরা। এ সময় গ্যাসে আক্রান্ত হয়ে হাসান, মাহবুব ও মোয়াজ্জেম অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসান মারা যান। পরে মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সোয়া পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য মাহবুবের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আর মোয়াজ্জেমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।