ট্যানারির বর্জ্য ট্যানারিতেই ধ্বংস করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের কিছু অসাধু ব্যবসায়ী কম দামে ট্যানারিশিল্পের অপরিশোধিত বর্জ্য কিনে তথাকথিত ‘মিট অ্যান্ড বোনমিল’ তৈরি করছেন। কিন্তু আইনসম্মতভাবে চললে এ বর্জ্য বাইরে আসার কথা নয়। এ কারণে পোলট্রিশিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই বর্জ্য যেখানে-সেখানে না ফেলে কিংবা বিক্রি না করে ট্যানারিতেই ধ্বংস করতে হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) আয়োজিত ‘পোলট্রির ফিডে ট্যানারির বর্জ্য: উপায় ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র দাস।

ফিআব সভাপতি মসিউর রহমান বলেন, হাঁস-মুরগির খাবার (ফিড) তৈরির একটি অত্যাবশ্যকীয় উপকরণ ‘মিট অ্যান্ড বোনমিল’ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু একটি অসাধু চক্র হাজারীবাগে এটি তৈরি করছে। বাংলাদেশে ৮০-৯০ শতাংশ ফিড তৈরি হচ্ছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে। এখানে ট্যানারির বর্জ্য মেশানোর কোনো সুযোগ নেই। যেসব অসাধু ব্যবসায়ী এটি ফিডে মেশাচ্ছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস ডি চৌধুরী বলেন, হাজারীবাগে কিছু বর্জ্য ক্র্যাশিং কারখানা আছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কারখানার কার্যক্রম বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন বলেন, ট্যানারির বর্জ্য যেন কেউ ফিডে মেশাতে না পারে, সে জন্য পর্যবেক্ষণ বাড়াতে হবে। যারা নিরাপদ খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটায়, তাদের আইনের আওতায় আনতে হবে।