ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার সাতজনকে জেল-জরিমানা
গবাদিপশুর চামড়ার বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার তৈরির অপরাধে রাজধানীর হাজারীবাগ এলাকার তিনটি কারখানার তিন মালিকসহ সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব-২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ১১টার দিকে হাজারীবাগের কালোনগর এলাকায় শিপন ফিড মিল, শোয়েব এন্টারপ্রাইজ ও খলিলের মাছের খাবারের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
খলিলের মাছের কারখানার দুই কর্মচারী নাসিরউদ্দিন ও সাইদ শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া শিপন ফিডের মালিক জয়নাল আবেদিন ও শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারওয়ারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারখানা তিনটির কর্মচারী মো. কালামকে ২০ হাজার টাকা এবং মো. জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। মালিক জয়নাল আবেদিন ও গোলাম সারওয়ার র্যা বকে বলেন, হাজারীবাগের ট্যানারি থেকে চামড়ার বর্জ্য এনে সিদ্ধ করে শুকিয়ে শুঁটকি বানানো হতো। এই শুঁটকি গুঁড়া করে মুরগি ও মাছের খাবার তৈরি করা হয়। এসব খাবার ১৭ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করা হতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি কারখানায় তৈরি খাবারে ক্ষতিকর মাত্রায় ক্রোমিয়াম পাওয়া যায়। বিজ্ঞপ্তি।