ট্যানারির বিষাক্ত বর্জ্যে মরে ভেসে উঠছে মাছ

ট্যানারির রাসায়নিক বর্জ্যের কারণে যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদের সব মাছ মরে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভৈরব তীরের কয়েকজন বাসিন্দা ও জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার হঠাৎ নদের পানি বিষাক্ত হয়ে ওঠে। এ সময় নদের চিংড়ি, চেউয়া, বেলে, ডগরাসহ বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া অর্ধমৃত ও মৃত অবস্থায় ভেসে ওঠে। তাঁরা জানান, উপজেলার তালতলায় অবস্থিত ট্যানারি এসএএফ ইন্ডাস্ট্রিজ ব্যাপক হারে অপরিশোধিত বর্জ্য নদে ঢালছে। ইতিমধ্যে যশোর সদর উপজেলার আফরা থেকে অভয়নগরের সিদ্দিপাশা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটারজুড়ে দূষণ ছড়িয়ে পড়েছে। এতে নদের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
অভয়নগর গ্রামের বর্মণপাড়ার জেলে বনমালী বিশ্বাস বলেন, ‘শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত আমি জাল দিয়ে প্রায় দেড় মণ চেঙ্গো (চেউয়া) মাছ ধরেছি। এর মধ্যে কিছু মাছ মরা ছিল। তবে শনিবার সকাল থেকে বেশির ভাগ মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে। এসব মাছ ছিল পচা ও দুর্গন্ধযুক্ত। তবে গতকাল রোববার নদে কোনো মাছ পাওয়া যায়নি। সব মাছ মরে শেষ হয়ে গেছে।’ একই পাড়ার শ্যামলী বর্মণ বলেন, ‘দুই দিনে আমি ঠেলা জাল দিয়ে প্রায় ২০ কেজি চিংড়ি এবং পাঁচ কেজি কাঁকড়া ধরেছি। তবে শনিবার জালে পাওয়া মাছ ও কাঁকড়ার সবই ছিল মরা ও পচা। গতকাল কোনো মাছ পাওয়া যায়নি।’ মধ্যপুর গ্রামের ইমারুল ইসলাম বলেন, ট্যানারিটি প্রতিদিন বর্জ্য ভৈরব নদে ছেড়ে দিচ্ছে। এতে করে নদের পানি দূষিত হওয়ার পাশাপাশি মাছ ও কাঁকড়া মরে যাচ্ছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, রাসায়নিক বর্জ্যের কারণে নদের পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় মাছ ও কাঁকড়া মরে ভেসে উঠছে।
পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্তে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি দল গতকাল রোববার ভৈরব নদের দূষণ এলাকা পরিদর্শন করেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। দূষণের প্রমাণ পাওয়া গেলে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের পর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর, খুলনার একটি সূত্র জানায়, ১৯৭৯ সালে উপজেলার তালতলায় ভৈরব নদের তীরে এসএএফ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কারখানাটি প্রতিদিন মানবদেহের জন্য ক্ষতিকর ধাতু ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলছে। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করতে পারে।
সূত্র জানায়, ভৈরব দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা ও খুলনার একটি যৌথ দল ২০১০ সালের ২৮ নভেম্বর এসএএফ ইন্ডাস্ট্রিজকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করে। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ এবং ছয় মাসের মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য তখন ট্যানারিটিকে চূড়ান্ত নোটিশ দেয় দলটি। কিন্তু ট্যানারি কর্তৃপক্ষ এখনো জরিমানার টাকা পরিশোধ করেনি। ইটিপিও স্থাপন করেনি।
এসএএফ ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বিধান কুমার হোড় বলেন, ‘শুধু আমাদের কারখানা নয়, অন্যান্য কলকারখানাও ভৈরব নদে বর্জ্য ফেলছে। বর্জ্য ও প্রচণ্ড গরমের কারণে ভৈরবের মাছ মরছে।’ তিনি আরও বলেন, বর্জ্য শোধনাগার এখনো স্থাপন করা হয়নি। তবে তা স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি বিদেশে গেছেন।