ট্যানারির মালিকেরা হাজারীবাগ ছাড়তে কালক্ষেপণ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পুরস্কার হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পুরস্কার হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

রাজধানীর হাজারীবাগ থেকে সরে না যাওয়ার জন্য ট্যানারির মালিকেরা অযথা কালক্ষেপণ করছেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্যানারি কারখানাগুলো সাভারের হরিণধরা এলাকায় সরিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ট্যানারির মালিকদের অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও সুবন্দোবস্ত করা হয়েছে। তবু ট্যানারি কারখানাগুলোর মালিকেরা অযথা সময় নষ্ট করছেন। কেন তাঁরা সেখানে যেতে চাইছেন না, তা বুঝতে পারছি না। এটা ঠিক নয়। তবে তাঁদের আর দেরি করা উচিত নয়।’
শেখ হাসিনা আরও বলেন, তাঁরা যত তাড়াতাড়ি হাজারীবাগ এলাকা ছাড়বেন, ততই এই এলাকার পরিবেশের উন্নয়নের জন্য তা মঙ্গলজনক হবে। তিনি এ সময় ট্যানারি স্থাপনাগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে। এর অংশ হিসেবে সারা দেশে সবুজ উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গ্রিন হাউস গ্যাস ইফেক্টের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়নের মাধ্যমে সবুজ অর্থনীতি গড়ার পথই একমাত্র বিকল্প।
প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ভালোভাবে নিরূপণ করা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদীদূষণ, পাহাড় কাটা, কৃষিজমিতে রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার বন্ধসহ পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জাতি হিসেবে পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে প্রতিটি এলাকায় জলাধার রাখতে হবে। এ জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নজরদারি বৃদ্ধির পাশাপাশি তাদের অব্যাহত নজরদারির মাধ্যমে রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ, পরিবেশ ও বন অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল এবং প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী।
বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৬ সালের জন্য বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ও জাতীয় পরিবেশ অ্যাওয়ার্ড এবং ২০১৫ সালের জন্য বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নের লভ্যাংশের চেক প্রদান করেন।
এ বছর তিনজন বিশিষ্ট ব্যক্তি ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন সাবেক বন সংরক্ষক তপন কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ড. নুর জাহান সরকার এবং নওগাঁর জীববৈচিত্র্য, বন, বন্য প্রাণি ও নদী সংরক্ষণ কমিটির (জীবন) প্রতিষ্ঠাতা মো. ইউনুছার রহমান (হেবজুল)।
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান: বাসস জানায়, দেশের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়াতে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।