বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের আমিনুল ইসলাম তিন মাস আগে দুটি গরু কিনে বাড়িতেই পালছেন। অন্য খাবারের পাশাপাশি গরুকে খৈল, কুঁড়া, ভুসি খাওয়াচ্ছেন। অমিনুল বলেন, ‘গতবার ট্যাবলেট খিল্যা গরু নাদুসনুদুস কর্যা দাম পাইনি। তাই এইবার হামি দেশি কায়দায় গরু পালিচ্চি। আশা করিচ্চি ভালো দাম পামো।’
আমিনুল ইসলামের (৪৫) মতো এ উপজেলার অনেকেই কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু পালছেন। উপজেলার সাত-আটজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী কোরবানির ঈদের আগে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ করতেন। তাঁরা ঈদুল ফিতরের পরপরই বেছে বেছে রোগা ও দুর্বল গরু কিনে নিয়ে আসতেন। এরপর গরুকে ইনজেকশন দিতেন ও বড়ি খাওয়াতেন। এতে অল্প কিছুদিনের মধ্যে গরু ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়।
কিন্তু গত বছর ‘নাদুসনুদুস’ ওই সব গরু মানুষ কেনেনি। তাই এবার খামারিরা ইনজেকশন ও ট্যাবলেট ছেড়ে ঘাস, খড়ের পাশাপাশি খৈল, কুঁড়া, ভুসি খাইয়ে গরু মোটাতাজা করছেন।
উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের আমজাদ হোসেন (৫৫) বলেন, তিনি ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করতেন। কিন্তু গত দুই বছর তিনি ট্যাবলেট খাওয়ানো গরু বিক্রি করতে পারেননি। মানুষ এখন ওষুধ খাওয়ানো গরু কিনতে ভয় পায়।
একই গ্রামের কৃষক গোলাম রব্বানী (৪৫) বলেন, তিনি ৩২ হাজার টাকায় একটি দেশি প্রজাতির ছোট গরু কিনেছেন। ঘাসের পাশাপাশি তিনি গরুকে খড়, খৈল, কুঁড়া ও ভুসি খাওয়াচ্ছেন। আশা করছেন, ঈদে এ গরু বিক্রি করে তাঁর ১৫ হাজার টাকা লাভ হবে।
কুড়াহার গ্রামের তাজুল ইসলাম (৪০) বলেন, ‘গত বছর কৃত্রিমভাবে গরু মোটা কর্যা লস (লোকসান) খাচি। তাই এবার ৬০ হাজার ট্যাকা দিয়া দুড্যা গরু কিনিচি। আশা করিচ্চি সব খরচ বাদ দিয়া ২৫ হাজার টাকা লাভ করমো।’
কলুমগাড়ী মহল্লার পশুচিকিৎসক সাজাহান আলী বলেন, একসময় এ উপজেলায় ট্যাবলেট খাইয়ে গরু মোটাতাজা করার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু এখন মানুষ অনেক সচেতন। ওসব গরু এখন আর কিনতে চান না। তাই এখন মানুষ স্বাস্থ্যসম্মত উপায়ে গরু পালন করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত ওষুধ খাইয়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি এখন আর নেই বললেই চলে। তাঁদের পক্ষ থেকে পশু পালনকারীদের সব রকমের সহায়তা দেওয়া হচ্ছে।