ট্যারিফ কমিশন আইনের খসড়া পর্যালোচনায় কমিটি
বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’ এর প্রস্তাবিত খসড়া আরও পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কমিটি গঠন করে দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। কমিটির সদস্যরা হলেন অর্থ, বাণিজ্য ও শিল্প সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
মন্ত্রিসভার আলোচ্যসূচি অনুযায়ী আজ এই আইনের খসড়াটি অনুমোদনের কথা ছিল। এখন ওই কমিটির মাধ্যমে খসড়াটি পর্যালোচনার পর সেটি আবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। বৈঠকে খসড়াটি উপস্থাপন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।
এ ছাড়াও বৈঠকে কয়েকজন মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।