ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদে্যাগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্যুর ডি এইচসি মাউন্টেন বাইক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা গতকাল খাগড়াছড়ি অতিক্রম করে। ছবিটি জেলার মহালছড়ি উপজেলার কাটিংটিলা এলাকা থেকে তোলা l প্রথম আলো
পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদে্যাগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্যুর ডি এইচসি মাউন্টেন বাইক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা গতকাল খাগড়াছড়ি অতিক্রম করে। ছবিটি জেলার মহালছড়ি উপজেলার কাটিংটিলা এলাকা থেকে তোলা l প্রথম আলো

ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ রোববার। গতকাল শনিবার প্রতিযোগিতায় দ্বিতীয় দিনে প্রতিযোগীরা খাগড়াছড়ি থেকে রাঙামাটি এসে পৌঁছান।
বাংলাদেশ অ্যাভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খোন্দকার জানান, গতকাল প্রতিযোগীরা খাগড়াছড়ি থেকে ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাঙামাটি জিমনেসিয়ামে এসে পৌঁছান। ২ ঘণ্টা ২২ মিনিটে এই পথ পাড়ি দিয়ে প্রথম হয়েছেন মো. আবু আবদুল্লাহ। আর দ্বিতীয় হয়েছেন মো. আলাউদ্দিন। তিনি জানান, ৪২ জন প্রতিযোগীর মধ্যে তিন পার্বত্য জেলা থেকে অংশ নিয়েছেন ১১ জন। তাঁরা সবাই খাগড়াছড়ির। বান্দরবান ও রাঙামাটি থেকে কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেননি।
আজ প্রতিযোগীরা রাঙামাটি থেকে যাত্রা করে বান্দরবানের নীলগিরিতে পৌঁছাবেন। বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
গত শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এদিকে গতকাল বিকেলে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহেন রেজা, জেলা পরিষদের সদস্য অমিত চাকমা, বাংলাদেশ অ্যাভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খন্দকার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল।
সংবাদ সম্মেলনে বৃষকেতু চাকমা বলেন, তাঁরা ভবিষ্যতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন। তিনি জানান, রোববার সকাল সাতটায় রাঙামাটি শহরের আসামবস্তি থেকে প্রতিযোগীরা বান্দরবানের উদ্দেশে যাত্রা করবেন। এর আগে শোভাযাত্রাসহ প্রতিযোগীদের জিমনেসিয়াম থেকে আসামবস্তী নেওয়া হবে।