রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার সকালে আকস্মিক ফেনী ট্রমা সেন্টার পরিদর্শন করেন। তিনি ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ফেনী ট্রমা সেন্টারের দুর্দশা দেখে বলেন, ট্রমা সেন্টারগুলো এখন নিজেরাই পক্ষাঘাতগ্রস্ত রোগী। এসব সেন্টারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা কোনো সুফল পায় না। স্বাস্থ্য বিভাগ এ সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু না করায় ও তদারকির অভাবে সরকারকে প্রতিবছর এ খাত থেকে কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। সূত্র জানায়, ২০০৬ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সরকার ঢাকা-চট্টগ্রাম ও ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ফেনীর মহিপাল এলাকায় ২০ শয্যার একটি ট্রমা সেন্টার নির্মাণ করে। বর্তমানে এই সেন্টারে একজন চিকিৎসক, ১৫ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। কিন্তু প্রায় প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও বিভিন্ন উপজেলা সড়কগুলোতে দুর্ঘটনায় বহু লোক আহত ও নিহত হচ্ছে। অথচ আহত ব্যক্তিরা এই ট্রমা সেন্টার থেকে কোনো ধরনের চিকিৎসাসেবা পাচ্ছে না।ফেনী ট্রমা সেন্টারের পরামর্শক চিকিৎসক (কনসালটেন্ট) কামাল উদ্দিন মন্ত্রীকে জানান, ২০০৬ সালে সেন্টারটি আউটডোর চালুর পর সড়ক দুর্ঘটনায় আহত একজন রোগীও এখান থেকে চিকিৎসাসেবা নেয়নি। ফেনী ট্রমা সেন্টার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খন্দকার উপস্থিত ছিলেন।