ট্রলার ও নৌকা ডুবে মা-মেয়েসহ চারজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রলার ডুবে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্কুলছাত্রীসহ তিনজন এখনো নিখোঁজ আছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সিলেটের বালাগঞ্জে হাওরে নৌকা ডুবে মিসবাহ উদ্দিন (৪৫) নামের একজন সৌদি আরবপ্রবাসীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বালাগঞ্জের সুনামপুর গ্রাম থেকে মিসবাহ নৌকায় করে গোরাপুর হাওর পাড়ি দিচ্ছিলেন। বিকেল চারটায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
সরাইলে মৃত ব্যক্তিরা হলেন দুবাজাইল গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩৫), তাঁর ১৮ মাসের মেয়ে শেফালি বেগম ও স্থানীয় মসজিদের ইমাম আবদুল কাহহার (৫৫)। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দুবাজাইল গ্রাম থেকে কিতাব আলী মাঝি ট্রলারে শতাধিক যাত্রী নিয়ে অরুয়াইল বাজারের দিকে যাচ্ছিলেন। পৌনে ১০টার দিকে ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী নেওয়ায় ট্রলারটি ডোবে।