ট্রলারডুবি : নারীর লাশ উদ্ধার
মাদারীপুরের সিদ্দিকখোলায় কুমার নদে ট্রলারডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ৭০ থেকে ৮০ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রলারটি ডুবে যায়।
মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, আর কেউ নিখোঁজ নেই। এখন নিমজ্জিত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
ট্রলারডুবির ঘটনায় ভানুমতি বালা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার এ তথ্য নিশ্চিত করেন। তাঁর বাড়ি সদর উপজেলার কলাগাছিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সুখা বালার স্ত্রী।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ জানান, মাদারীপুর শহরে জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দুধর্মাবলম্বী অসংখ্য মানুষ যোগ দেন। অনুষ্ঠান শেষে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রলার ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি শুরু করে। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ভাগ্য বৈদ্য (৪৫), হৃদয় মণ্ডল (১৮) ও অবোলা রানীকে (৩৫) ভর্তি করা হয়েছে।
ট্রলারে থাকা রুহা বিশ্বাস ও চিরঞ্জিত পাণ্ডে জানান, অন্ধকারের মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার ধাক্কা দিলে আমাদের বহন করা ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। আমরা সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ডুবে যায়।