ট্রলার ডুবি: ভেসে উঠল এক যাত্রীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনার দুদিন পর আবদুল কাদির (৫০) নামের নিখোঁজ এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় একই পরিবারের তিনজন নিখোঁজ আছেন।
গত শনিবার সকালে ডিক্রিরচরে বক্তাবলী এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এতে ওই ট্রলারের চার যাত্রী নিখোঁজ হন।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, আবদুল কাদির নামের একজনের লাশ পাওয়া গেছে। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মোক্তাপুরে। তবে এখনো পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমি আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) নিখোঁজ।