ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গতকাল বুধবার রাত নয়টার দিকে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে একজন শিশু।

নিহত শিশুর নাম মুনিয়া (৪)। বাবার নাম মনির হোসেন। মুনিয়ার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। অন্যদের পরিচয় জানা যায়নি। ট্রলারে ৭০ জনের মতো যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে কতজন নিখোঁজ, তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, যাত্রীবাহী ট্রলারটি চাঁদপুরে মতলব উপজেলায় লেংটার মেলায় যাচ্ছিল। গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় ট্রলারটির সঙ্গে বিপরীত দিক গজারিয়া ঘাট থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়।

নিহত মুনিয়ার বাবা মনির হোসেনও ওই ট্রলারে ছিলেন। তাঁর ভাষ্য, প্রচণ্ড ঢেউয়ের মধ্যে বালুবাহী ট্রলারটি তাঁদের ট্রলারে ধাক্কা দেয়। এতে তিনি ও তাঁর মেয়ে মুনিয়া পানিতে পড়ে যান। মেয়েটি তাঁর হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায়। তিনি কোনোরকমে সাঁতরে তীরে ওঠেন।

পুলিশ গতকাল রাতে বালুবাহী ট্রলারটি আটক করেছে। চালক পালিয়ে গেছেন। যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করে ভাষারচরে নদীর তীরে রাখা হয়েছে। দাউদকান্দি ও নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ চলাচ্ছেন।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি জানান, ট্রলারটিতে ৭০ জনের মতো যাত্রী ছিলেন। কয়জন নিখোঁজ আছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।