ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ, নয়জনের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরের কাছে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার তিন দিন পর আজ শুক্রবার উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত হলেও নিখোঁজ নয়জনের খোঁজ মেলেনি।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সারওয়ার কামাল বলেন, নৌবাহিনীর ১৩ সদস্যের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার ট্রলারটির অবস্থান শনাক্ত করে। তবে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পায়নি। এই অবস্থায় উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রতন কুমার নাথ বলেন, ছয় শিশু, দুই নারীসহ নয়জন এখনো নিখোঁজ। ট্রলারটি ডুবে যাওয়ার সময় নদীতে ব্যাপক স্রোত থাকায় তাঁরা ভেসে যেতে পারেন। এ কারণে চাঁদপুরে মেঘনা নদীর কোথাও এখন পর্যন্ত কোনো লাশ ভেসে ওঠেনি।
নিখোঁজ নয়জন হলেন: নার্গিস (২৮), তাঁর ছেলে শাহজাদা (৬) ও ফাহিম হোসেন (দেড় বছর), আলেয়া বেগম (২৫), তাঁর দুই সন্তান সিয়াম (৬) ও স্বর্ণা (৩), দুই ভাই রতন (২) ও মানিক (৪) এবং আহমেদ উল্লাহ (৪৪)। তাঁদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।
রবিন পরিবহন নামের ট্রলারটি গত মঙ্গলবার সকালে মেঘনার মাঝনদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায়। ঘটনার সময় এতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিখোঁজ নয়জন বাদে বাকী যাত্রীদের ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন জেলেরা।