ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলা সদরেরর ঘোড়াউত্রা নদীর মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যদের সবার বাড়ি জেলার নিকলী উপজেলায়। তাঁরা হলেন ওই উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মো. হবি মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (৩৫), দামপাড়া গ্রামের মৃত নারায়ণ সূত্রধরের মেয়ে বিউটি সূত্রধর (৪০), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসনা আরা (৩৫), জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মো. আবদুল মন্নানের স্ত্রী মোমেনা আক্তার (৪০) ও জারইতলা গ্রামের ফজলু মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৪২)।
ট্রলারের বেঁচে যাওয়া আরোহী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার মিঠামইনের সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বারান্দায় রাত কাটান তাঁরা। রোববার ভোরে বাড়ি ফেরার জন্য আনসার ভিডিপির শতাধিক সদস্য ট্রলারে ওঠেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার আগেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। যাত্রীদের বেশির ভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই পাঁচ নারী ডুবে মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান জানান, অতিরিক্ত যাত্রী বহন করায় এবং হুড়াহুড়ির কারণে ট্রলারটি ছাড়ার আগেই ডুবে যায়।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা তিনি।
খবর পেয়ে ঢাকা থেকে নিকলীতে যান আনসার ভিডিপির ঢাকা বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম ও আনসার ভিডিপির উপপরিচালক (অপারেশন) দিলীপ বিশ্বাস। বেলা তিনটায় তাঁরা নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা দেন। পরে প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে বলে জানান।
ট্রলারডুবিতে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।