ট্রলার ডুবে মারা গেছে ১৬টি গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওরাকান্দি-মাওয়া নৌপথে গতকাল বুধবার সকালে কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে ৩৩টি গরু নিয়ে ঢাকাগামী একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ১৬টি গরু মারা যায়।এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, রাজধানী ঢাকায় কোরবানির ঈদে গরুর দাম বেশি হওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন হাট থেকে গরু কিনে ও নিজেদের হালের ৩৩টি গরু নিয়ে গতকাল সকালে ট্রলারযোগে ঢাকার বিভিন্ন হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ীরা। উপজেলার কাওরাকান্দি ফেরিঘাট থেকে গরু বোঝাই করে পদ্মা নদীর মধ্যে কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় পৌঁছায়। এ সময় মাওয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ঢেউয়ে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। ব্যবসায়ীরা ট্রলার থেকে ১৭টি গরুর রশি খুলে দিলে ওই সব গরু সাঁতার কেটে পাড়ে ওঠে। কিন্তু ইলিয়াছ খাঁর তিনটি, আনোয়ার খাঁর চারটি, রহমান মোল্লার তিনটি, আবু খালাসির দুটি, আবদুল কাদির মুন্সির একটি, সামচু ব্যাপারির তিনটি গরু পানিতে ডুবে মারা যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাড়ি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর কাচারীকান্দি গ্রামে।