ট্রলার ডুবে ৫২টি গরু ও মহিষ মারা গেছে
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাট এলাকায় গতকাল সোমবার বিকেলে তীব্র স্রোতের কারণে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৪১টি গরু ও ১১টি মহিষ পানিতে ডুবে মারা গেছে। তবে ট্রলারে থাকা গরুর ব্যবসায়ী ও রাখালেরা সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার রূপসা খেয়াঘাট এলাকা থেকে ২৬ জন ব্যবসায়ী ঢাকার উদ্দেশে রওনা দেন। ৫৪টি গরু ও ১১টি মহিষ বিক্রির জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু জৌকুরা ফেরিঘাট এলাকায় পৌঁছানোর পর পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এতে ১৪টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দুই পাড়ে ১৩টি মৃত গরু পাওয়া গেছে। ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখার কারণে অনেক গরু আটকা পড়েছে।
কালুখালীর গরু ব্যবসায়ী কুদ্দুস ব্যাপারী বলেন, তাঁরা কয়েকজন গরু ব্যবসায়ী এক সঙ্গে আরিচা যাচ্ছিলেন। আরিচা থেকে ট্রাকে করে ঢাকায় গরু নিয়ে যাওয়ার কথা ছিল। তাঁদের সঙ্গে গরু-মহিষ দেখভাল করার জন্য ২২ জন রাখালও ছিল। কিন্তু নদীতে স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এতে তাঁদের অনেকেই সর্বস্বান্ত হয়ে গেছেন।