ট্রলার থেকে সন্দ্বীপ চ্যানেলে পড়ে গেলেন যাত্রীরা, উদ্ধার ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপ যাওয়ার পথে সন্দ্বীপ চ্যানেলে ঢেউয়ের তোড়ে একটি যাত্রীবাহী ট্রলার কাত হয়ে গেলে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রলারের অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। তবে কতজন যাত্রী নিখোঁজ, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ওই ট্রলারে ১৫০ থেকে ২০০ যাত্রী ছিল বলে তারা জানায়।

উদ্ধারকারী স্পিডবোটের চালক মো. কামাল দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, এমভি মদিনা ট্রলারের ওপর যাত্রীরা মরিচের বস্তার আশপাশে বসে ছিলেন। ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে গেলে ওপরে বসা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ২১ জনকে তাঁর স্পিডবোটে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। কোনো যাত্রী নিখোঁজ নেই বলে তিনি দাবি করেন।

তবে ঘটনাস্থলে থাকা সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘কিছুসংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছে বলে শুনেছি।’

ঘাটের ইজারাদার রাজা কাশেম প্রথম আলো ডটকমকে বলেন, নদীতে পড়ে যাওয়া সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।