ট্রলার বিকল হয়ে ভারতে ঢুকে পড়া জেলেদের ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে ভারতের সীমান্তে ঢুকে পড়া ১৬ বাংলাদেশি জেলে ভারতের কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের ঈদের আগেই ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

ওই জেলেদের অন্তত চারজন স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দর থেকে এফবি কাসেম নামের একটি ট্রলারে করে জেলেরা মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

ওই ১৬ জেলের ভারতের কারাগারে বন্দী থাকার ব্যাপারে ভারতের কাকদ্বীপ থানার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কুয়াকাটা-আলীপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লার কথা হয়। ওই কথার বরাত দিয়ে আনসার উদ্দিন মোল্লা বলেন, এফবি কাসেম ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে ভাসতে ভারতীয় জল সীমানায় প্রবেশ করলে গত ১৫ সেপ্টেম্বর ভারতীয় জেলেরা তাঁদের উদ্ধার করে। এরপর ওই ১৬ জেলেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এফবি কাসেম ট্রলারের ১৬ জেলে এখন কাকদ্বীপ থানা হেফাজতে এবং ট্রলারটি ফিসারম্যান অ্যাসোসিয়েশনের হেফাজতে রয়েছে।

ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশি জেলেরা হলেন কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের মোকসেদ মৃধার ছেলে কুদ্দুস মৃধা (৪৫), ক্বারী আবদুস সত্তারের ছেলে আল আমিন (৪৫), ইউসুফ হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (২৫), সোবাহান হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৭), সানু ফকিরের ছেলে বেলাল ফকির (৩৮), ওয়াজেদ আলী খানের ছেলে রাকিবুল খান (৩৭), আবদুর রব সিকদারের ছেলে বেলাল সিকদার (২৭), ইউসুফ মৃধার ছেলে মনির মৃধা (২৮), আবুল হোসেন মৃধার ছেলে রাসেল মৃধা (১৯), ইউসুফ ফকিরের ছেলে মেহেদি হাসান ফকির (২৬), কুয়াকাটার খাজুরার কলাইয়াপাড়া গ্রামের ট্রলার মালিক মো. আবুল কাসেমের ছেলে মো. পলাশ (৩০), ইউসুফ প্যাদার ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু প্যাদা (৪৫), ডালবুগঞ্জ ইউনিয়নের নুরপুর গ্রামের হারেস সিকদারের ছেলে ইলিয়াস সিকদার (২৯), লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে মনির হোসেন (২৬), মতিয়ার রহমান মুন্সীর ছেলে ছাইফুল ইসলাম (২৯) ও চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের রফিকুল ইসলাম মাতুব্বরের ছেলে ইসরাফিল (১৯)।

এফবি কাসেম ট্রলারের মালিক মো. আবুল কাসেম বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর আলীপুর বন্দরে গোনে ১৬ জন জাইল্যা আর আমার ট্রলারডা মাছ শিকারের লাইগ্যা সাগরে যাত্রা কইর্যা যায়। এরপর থেইক্যা ট্রলার আর জাইল্যাগো খোঁজ পাইতে আছেলাম না। হ্যারপর হুনি ইঞ্জিন বিকল হইয়া ভারতের জলসীমানায় ট্রলার ঢোকছে। এই খবর পাইয়া গত ১৭ সেপ্টেম্বর কলাপাড়া থানায় যাইয়া সাধারণ ডায়েরি করি।’

নিখোঁজ জেলেদের কয়েকজন স্বজন বলেন, অনিচ্ছাকৃতভাবে ওই ট্রলারটি ভারতের সীমানায় ঢুকে পড়েছে। আটক জেলেদের কোরবানির ঈদের আগে ফিরিয়ে আনতে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য সরকারের কাছে দাবি জানান।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভারতের কারাগারে আটক ১৬ জেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারতীয় দূতাবাস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আটক জেলেদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের ফিরিয়ে আনা হবে।’