ট্রলার শনাক্ত, এখনো নিখোঁজ ২৬

সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বড় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘এফভি বন্ধন’ ট্রলারের অবস্থান শনাক্ত করেছে নৌবাহিনী। তবে ট্রলারের নিখোঁজ নাবিকদের আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বড় জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পর এফভি শতাব্দী নামের কাঠের তৈরি একটি ট্রলার দুজনকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রামের একে খান গ্রুপ ও জাপানের মারুহা নিচরো কোম্পানির যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের।
নৌবাহিনী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিল নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয়, অতন্দ্র ও অদম্য। এ ছাড়া মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটও অংশ নেয় এ অভিযানে। আজ উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু, সাগর ও খাদেম। ট্রলার শনাক্ত হওয়ার পর নৌবাহিনীর জাহাজ সৈকত দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। এই জাহাজে উদ্ধারকারী দল রয়েছে।
ট্রলারের অবস্থান শনাক্ত
আজ বেলা পৌনে ১১টার দিকে সেন্ট মার্টিন থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোসাগরের প্রায় ৪০ মিটারের বেশি গভীরতার পানিতে ট্রলারসৃদশ বস্তুর অবস্থান শনাক্ত করা হয়। নৌবাহিনীর জাহাজ ‘অদম্য’তে স্থাপিত ‘সাইড স্ক্যানার সোনার’ এর মাধ্যমে এই অবস্থান শনাক্ত করা হয়। অবস্থান শনাক্ত হওয়ার পর ডুবুরি নামিয়ে ট্রলারটিতে রশি বেঁধে দেওয়া হয়।
এদিকে, উদ্ধার নাবিকদের এফভি যৌথ উদ্যোম নামের ট্রলারে করে আজ সকালে কর্ণফুলী নদীতে আনা হয়। দুর্ঘটনায় নিহত নাছির ফকিরের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্ণফুলী ১৫ নম্বর ঘাটে উদ্ধার হওয়া লাভলু হাওলাদার দুর্ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘রাতে ট্রলারের দিকে একটি সমুদ্রগামী জাহাজ আসতে দেখে লাইট দিয়ে সতর্কসংকেত দিই। কিন্তু সোজা এসে বড় জাহাজটি ট্রলারের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে আমরা তিনজন সাগরে ঝাঁপ দিই। প্রায় আধঘণ্টা পর নাছির ফকির সাগরে মারা যায়। তার মৃতদেহ ধরে রাখি। একটি কাঠের বস্তু ধরে ভাসতে থাকি। ভোররাত পাঁচটার দিকে একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে।’
ডুবে যাওয়া ট্রলারের মালিক প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিন বলেন, নিখোঁজ ট্রলারের উদ্ধার, নিহতদের ক্ষতিপূরণসহ যাবতীয় কার্যক্রম শেষ করার প্রক্রিয়া চলছে। আহত অবস্থায় উদ্ধার দুইজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যে জাহাজের (বসুন্ধরা-৮) ধাক্কায় ট্রলারটি ডুবেছে সেটির বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করা হবে।
এর আগে গতকাল শুক্রবার বন্দর থানায় ট্রলারডুবির জন্য এমভি বসুন্ধরা-৮ কে দায়ী করে সাধারণ ডায়েরি করে বেঙ্গল ফিশারিজ লিমিটেড। বসুন্ধরা-৮ ধাক্কা দেওয়ার পর পালিয়ে না গিয়ে উদ্ধার কাজে যোগ দিলে নিমজ্জিত নাবিকদের জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
নিখোঁজদের তালিকা
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ট্রলারের চার কর্মকর্তা হলেন স্কিপার (ট্রলারের ক্যাপ্টেন) মো. মুক্তাদীর বিল্ল্যাহ জসীম, প্রধান প্রকৌশলী ওয়াই এ খন্দকার, দ্বিতীয় কর্মকর্তা ইব্রাহিম খলিল ও চতুর্থ কর্মকর্তা আকতার হোসেন।
এ ছাড়া নিখোঁজ ২২ জন নাবিক হলেন নুরুল ইসলাম, মোখলেস খান, মো. ইলিয়াস, ইসমাইল মিয়া, বেলায়েত হোসেন, আবদুস সাত্তার, হাবিব উল্লাহ কায়সার, হরি জলদাস, মিখাইল হোসেন, বাদল জলদাস, রনজিত দাস, মো. রহিম, জাহাঙ্গীর আলম, মো. সামসু, মো. রবিউল, ফোরকান মিয়া, জামাল মিয়া, মো মনির হোসেন, মো. নীরব, মো. জসিম, মো. জহির ও মো. আলী।