ট্রলারচাপায় সারেংসহ দুজনের মৃত্যু
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাছ ধরা ট্রলারের নিচে চাপা পড়ে সারেংসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলি ঘাটে একটি ট্রলার ডকের রশি ছিঁড়ে নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রলারের সারেং মো. নারগেছ (৪০) ও তাঁর ভায়েরা মো. দুলাল মিয়া (৩৫)। নারগেছের বাড়ি জাহাজমারা এলাকায়। আর দুলালের বাড়ি নিঝুম দ্বীপে। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ওই দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই মাছ ধরা ট্রলারটিকে পার্শ্ববর্তী মেঘনা নদী থেকে ঘাটের ডকে তুলে রশি দিয়ে বেঁধে রেখে মেরামত করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ট্রলারটি ডকের রশি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে সারেং নারগেছ ও দুলাল ট্রলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।